এই ঘটনার প্রতিবাদে এবার মুখ খুললেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় শিলাজিতের পারফরম্যান্সের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ অত্যন্ত অপমানজনক।

শেষ আপডেট: 15 March 2026 17:57
দ্য ওয়াল ব্যুরো: ১৩ মার্চ সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কে এক সঙ্গীতানুষ্ঠান ঘিরে তৈরি হয় বিতর্ক। জনপ্রিয় গায়ক শিলাজিৎ মুখোপাধ্যায় (Silajit Majumder)-এর অনুষ্ঠানের শেষ মুহূর্তে পুলিশের আচরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেই সময় মঞ্চে গান গাইছিলেন শিলাজিৎ। অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার আগেই এক পুলিশকর্মী এসে তাঁকে মঞ্চ থেকে নামতে বলেন, এবং সেই ভঙ্গি নিয়ে আপত্তি তোলেন শিল্পী।
এই ঘটনার প্রতিবাদে এবার মুখ খুললেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় শিলাজিতের পারফরম্যান্সের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ অত্যন্ত অপমানজনক। তাঁর বক্তব্য, অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবেই চলছিল এবং কোনও নিয়মভঙ্গও হয়নি। সেই অবস্থায় মঞ্চের নীচ থেকে হাতের ইশারায় শিল্পীকে নামতে বলা দেখে তিনি বিস্মিত হয়ে যান।
জয়জিৎ আরও দাবি করেন, অনুষ্ঠানের জন্য রাত ১১টা পর্যন্ত অনুমতি ছিল। তাঁর মতে, শিলাজিৎ নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ করেন এবং ১০টা ৫৯ মিনিটের মধ্যেই মঞ্চ থেকে নেমে আসেন। পুরো ঘটনাতেই শিল্পী ভদ্রতা বজায় রেখেছিলেন বলেও জানান তিনি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিলাজিৎ নিজেও। তাঁর বক্তব্য, ওইদিন মূলত তাঁরই অনুষ্ঠান ছিল। কিন্তু বৃষ্টির কারণে আগের একটি ব্যান্ডের অনুষ্ঠান বাতিল হওয়ায় তাদেরও ওই মঞ্চে সময় দেওয়া হয়। ফলে নির্ধারিত সময়ের অনেক পরে তিনি মঞ্চে ওঠেন। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছিল যে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি রয়েছে।
গায়কের কথায়, শেষ গানটি গাওয়ার সময়, অর্থাৎ ১১টা বাজতে কয়েক মিনিট বাকি থাকতেই একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে নেমে এক পুলিশকর্মী হাত দেখিয়ে তাঁকে নামতে বলেন। সেই ভঙ্গি তাঁর কাছে অসম্মানজনক বলে মনে হয় বলেই, মঞ্চ থেকেই তিনি প্রতিবাদ জানান।
শিলাজিৎ জানান, যদি আগে থেকে অনুরোধ করা হত, তবে তিনি আগেই অনুষ্ঠান শেষ করতেন। কিন্তু যেভাবে আঙুল দেখিয়ে তাঁকে নামতে বলা হয়, তাতে তিনি আহত হন। তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে তিনি পশ্চিমবঙ্গে গান গেয়ে আসছেন এবং সবসময় নিয়ম মেনেই অনুষ্ঠান করার চেষ্টা করেন।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। কেউ শিল্পীর পাশে দাঁড়িয়ে পুলিশের আচরণের সমালোচনা করেছেন, আবার কেউ কেউ আইনশৃঙ্খলার বিষয়টিও তুলে ধরেছেন। সব মিলিয়ে করুণাময়ীর সেই রাতের ঘটনা এখন সামাজিক মাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।