‘বর্ডার ২’-এ অক্ষয় খান্না ও সুনীল শেট্টির ক্যামিও ঘিরে দর্শকের উচ্ছ্বাস।

‘বর্ডার ২’
শেষ আপডেট: 27 January 2026 17:02
দ্য ওয়াল ব্যুরো: ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ (Border 2)। প্রায় তিন দশক আগে, ১৯৯৭ সালে জেপি দত্ত নির্মিত ‘বর্ডার’ ভারতীয় সেনার জীবনযুদ্ধ ও প্রতিকূলতার গল্প বলেছিল। সেই ছবিই সময়ের সঙ্গে সঙ্গে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম কাল্ট ক্লাসিক হয়ে ওঠে। সানি দেওলের পাশাপাশি সেই ছবিতে অভিনয় করেছিলেন সুনীল শেট্টি (Suniel Shetty), অক্ষয় খান্না (Akshaye Khanna), পুনীত ইসার ও সুদেশ বেরি-সহ একাধিক অভিনেতা।
চলতি বছরে মুক্তি পাওয়া এই ছবির সিক্যুয়াল ‘বর্ডার ২’-তে এবার দর্শকদের জন্য রাখা হয়েছিল এক বিশেষ চমক। প্রথম ছবিতে যেসব মুখ্য চরিত্রের মৃত্যু দেখানো হয়েছিল, তাঁদের কয়েকজনকে ক্যামিও চরিত্রে ফের দেখা গেল ‘বর্ডার ২’-তে। সেই তালিকায় রয়েছেন অক্ষয় খান্না, সুনীল শেট্টি-সহ একাধিক অভিনেতা।
বিশেষ করে ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্না অভিনীত চরিত্রটি দারুণভাবে চর্চিত হয়েছিল। তাঁর অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছিল, তেমনই তাঁর এন্ট্রি সিন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করেছিল। সেই কারণেই দর্শকদের একাংশ ‘বর্ডার ২’-তে তাঁর ক্যামিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে এই ক্যামিও নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দর্শকদের জন্য সেটিকে সম্পূর্ণ সারপ্রাইজ হিসেবেই রাখা হয়েছিল।
প্রেক্ষাগৃহে এই চমক পেয়ে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বর্তমানে ‘বর্ডার ২’-এর ওই দৃশ্যের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অক্ষয় খান্না, পুনীত ইসার, সুনীল শেট্টি এবং সুদেশ বেরিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি দেখে দর্শকদের আবেগ যে ছাপিয়ে গিয়েছে, তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই।
OMG #AkshayeKhanna and #SunielShetty in #Border2 🤯💥#SunnyDeol pic.twitter.com/mJjOzo7PB8
— Saurabh Singh (@Mt_Saurabh) January 26, 2026
তবে নির্মাতাদের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই দৃশ্যটি কোনওভাবেই শেষ মুহূর্তে যোগ করা হয়নি। তাঁদের দাবি, শুরু থেকেই এই অংশটি চিত্রনাট্যের মধ্যেই ছিল।
সহ-প্রযোজক ভূষণ কুমার এক সংবাদমাধ্যমকে বলেন, “এভাবে ছবি বানানো যায় না। স্ক্রিপ্টে আগেই এই দৃশ্যটা লেখা ছিল। আসলে ‘ধুরন্ধর’ মুক্তির পর আমরা অক্ষয়ের চরিত্রের শ্যুটিং করেছি। ছবিটি এবং অক্ষয়ের প্রতি উন্মাদনা তখনই ছিল, কিন্তু আমরা কখনও সেটাকে পুঁজি করার কথা ভাবিনি। ‘ধুরন্ধর’ মুক্তির পর ওঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এমনটা নয়।”
পরিচালক অনুরাগ সিংও একই সুরে জানান, “আমরা ১০-১১ ডিসেম্বর ওঁর অংশের শ্যুটিং করেছি। ‘বর্ডার’-এর প্রতি শ্রদ্ধা জানাতেই ‘বর্ডার ২’-তে অক্ষয় রয়েছেন। তিনি শুরু থেকেই গল্পের অংশ ছিলেন। যাঁরা ছবিটি শেষ হওয়ার পরেও হলে থাকবেন, তাঁরা এই বিশেষ মুহূর্ত উপভোগ করতে পারবেন।”