গত আট বছরে বলিউডে কাজ কমে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে এআর রহমানের মন্তব্য ঘিরে বিতর্ক। ধর্মীয় বিভাজনের তত্ত্বে সায় নেই বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানের।

এআর রহমান ও ওয়াহিদা রহমান
শেষ আপডেট: 27 January 2026 16:23
দ্য ওয়াল ব্যুরো: গত আট বছরে বলিউডে কাজ কমে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে এআর রহমানের মন্তব্য ঘিরে গত এক সপ্তাহ ধরে তোলপাড় সিনেদুনিয়া থেকে রাজনৈতিক মহল। অস্কারজয়ী সুরকার এআর রহমানের (A R Rahman) বক্তব্য ছিল, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বলিউডে তাঁর একাধিক কাজ হাতছাড়া হয়েছে, যার নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিও থাকতে পারে। সেই মন্তব্য ঘিরেই উঠেছে একাধিক প্রশ্ন, মুসলিম ধর্মাবলম্বী হলেই কি হিন্দি ছবির দুনিয়ায় কাজ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে? নাকি বলিউডেও ক্রমশ প্রভাব ফেলছে ধর্মীয় মেরুকরণ?
রহমানের এই দাবিকে অবশ্য নস্যাৎ করতে বিজেপির তরফে উদাহরণ হিসেবে তুলে ধরা হয় শাহরুখ খান ও সলমন খানের দীর্ঘ তিন দশকের ‘খান সাম্রাজ্য’-এর কথা। বিতর্ক যত বাড়তে থাকে, ততই তা ছড়িয়ে পড়ে নানা মহলে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক বিভাজন সংক্রান্ত বিতর্কে ইতি টানার বার্তা দিলেন হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান।
ওয়াহিদা রহমান (Waheeda Rehman) স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের বিতর্কে তিনি বিশেষ মনোযোগ দিতে চান না। তাঁর কথায়, “এ রকম ছোটখাটো ঘটনা সব দেশেই ঘটে। আমি বিষয়টা নিয়ে খুব গভীরে যেতে চাই না। শুধু এটুকুই বলব, শান্তিতে থাকো, খুশি থাকো। এটা আমাদের দেশ। আমার এই বয়সের অভিজ্ঞতা থেকে এটুকুই বলতে পারি।”
শুধু বিতর্ক নয়, বিগত কয়েক বছরে এআর রহমানের বলিউডে কাজ কমে যাওয়ার বিষয়েও নিজের মত প্রকাশ করেন ওয়াহিদা। তাঁর মতে, এর নেপথ্যে ধর্মীয় কারণ নাও থাকতে পারে। বরং সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির চাহিদা বদলানোই এর মূল কারণ হতে পারে। প্রবীণ অভিনেত্রীর বক্তব্য, “যুগ বদলালে কাজের ধরণ আর পছন্দও বদলায়। কারও কাজের গ্রাফ ওঠানামা করাই স্বাভাবিক। একটা সময়ের পর অন্য কাউকে প্রয়োজন হয়। ইন্ডাস্ট্রিতে এটা নতুন কিছু নয়। কেউ যদি ভাবেন সব সময়ই তাঁকেই কাজ দেওয়া হবে, সেটা বাস্তবসম্মত নয়।”
ওয়াহিদা রহমানের এই মন্তব্য থেকেই স্পষ্ট, এআর রহমানের তোলা ধর্মীয় বিভাজনের তত্ত্বে তিনি সহমত নন। তাঁর মতে, বলিউডে কাজ পাওয়া বা না পাওয়ার পেছনে একাধিক বাস্তব কারণ কাজ করে, যেগুলিকে শুধু ধর্মের নিরিখে বিচার করা ঠিক নয়।
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান দাবি করেছিলেন, “গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হারিয়েছি। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজনের নীতিও থাকতে পারে। যদিও কেউ সরাসরি আমাকে কিছু বলেনি, তবে এ ধরনের কথা কানে এসেছে।”