হিন্দি ছবির অন্যতম প্রতিভাবান অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত অক্ষয় খান্না।

শাহরুখ খান ও অক্ষয় খান্না
শেষ আপডেট: 17 December 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ছবির অন্যতম প্রতিভাবান অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত অক্ষয় খান্না (Akshaye Khanna)। একের পর এক আইকনিক ছবিতে অভিনয় করলেও, কেন তিনি কখনও তথাকথিত ‘সুপারস্টার’ (Bollywood News) হয়ে উঠতে পারেননি, এই প্রশ্ন বারবার শুনতে হয়েছে তাঁকে।
এক পুরনো সাক্ষাৎকারে খ্যাতি, সাফল্য নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন অক্ষয়। জানিয়েছিলেন, নিজের অভিনয়জীবন নিয়ে তিনি বরাবরই সন্তুষ্ট।
সমসাময়িক অভিনেতাদের সঙ্গে তুলনা প্রসঙ্গে অক্ষয় বলেন, সুপারস্টার হওয়া মানে শুধু ভাল অভিনয় নয়, বরং সঠিক সময়ে সঠিক ধরনের ছবি পাওয়া। সাংবাদিক অনুরাধা প্রসাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “একজন অভিনেতাকে সুপারস্টার বানায় তার ছবি। ‘গদর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ বা ‘হাম আপকে হ্যায় কৌন!’-এর মতো ব্লকবাস্টার দরকার। নিজের সেরাটা দেওয়া আমাদের হাতে, কিন্তু সেই ছবি পাওয়া আমাদের নিয়ন্ত্রণে নয়।”
ব্যবসার জগতের উদাহরণ টেনে অক্ষয় আরও বলেন, “ধরা যাক, কারও ৫০০ কোটির ব্যবসা আছে। কিন্তু তিনি যদি রতন টাটা বা ধীরুভাই আম্বানী না হন, তাহলে কি তিনি সফল নন? আমি যদি শাহরুখ খান না হতে পারি, তার মানে কি আমি সফল হইনি বা তারকা হইনি?”
প্রচলিত সুপারস্টারডম না পাওয়া নিয়ে কখনও হতাশ হয়েছেন কি না, এই প্রশ্নে অক্ষয় ছিলেন স্পষ্ট। তাঁর উত্তর, “না, কখনওই না। ঈশ্বর আমাকে কী দেননি?”
নিজের জীবনযাপন নিয়ে মানুষের ধারণা সম্পর্কেও কথা বলেন অভিনেতা। অনেকেই মনে করেন তিনি যেন নিজেকে গুটিয়ে রাখেন। তবে অক্ষয়ের কথায়, এই ধারণা তাঁর ব্যক্তিত্বের কারণেই তৈরি, কোনও অসন্তুষ্টি বা বিচ্ছিন্নতার জন্য নয়। তিনি বলেন, “আমি আসলে তেমন মানুষ নই।”
বর্তমানে অক্ষয় খান্না নতুন করে প্রশংসা কুড়োচ্ছেন ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে। ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন ও রাকেশ বেদী। সুপারস্টারের তকমা না থাকলেও, নিজের পথ, কাজ আর জীবনের প্রতি সন্তুষ্ট থেকেই যে একজন অভিনেতা দর্শকের মনে জায়গা করে নিতে পারেন, অক্ষয় খান্নার জীবনই তার প্রমাণ।