
শেষ আপডেট: 26 February 2023 08:20
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এ এসেও ছবিটা বদলালো না। ফের সিনেমাহলে বড়সড় ব্যর্থতার সম্মুখীন হল অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি। অভিনয় দিয়েও ছবির খামতি ঢাকতে পারলেন না ইমরান হাশমি। যার ফলে মুক্তির দু'দিনের মাথাতেই ফ্লপ (flop) তকমা জুটল 'সেলফি'র কপালে। এই নিয়ে বড়পর্দায় টানা পাঁচটি ছবি (films) ব্যর্থ হল তাঁর। এমনকী কপাল সাথ দেয়নি ওটিটির জগতেও। সেখানেও এখন তিনি 'ফ্লপমাস্টার'।
করোনা আবহের পর থেকেই কেরিয়ারের দফারফা অবস্থা অক্ষয় কুমারের। ২০২১ সালে লকডাউন ওঠার পর একমাত্র 'সূর্যবংশি' ছাড়া বাকি সব ছবি ফ্লপ তকমা পেয়েছে। এতদিন সেই তালিকায় ছিল 'বেল বটম', 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'রক্ষাবন্ধন', 'রামসেতু'র মতো সিনেমাগুলো। এবার সেই তালিকায় নবতম সংযোজন 'সেলফি'। ওটিটি-তেও তাঁর স্ট্রাইক রেট একেবারেই ভাল নয়। 'লক্ষ্মী', 'আতরঙ্গি রে', 'কাটপুতলি'র মতো ছবিগুলো ওটিটিতে একেবারেই চলেনি। সবমিলিয়ে অক্ষয়ের কেরিয়ার এখন প্রায় খাদের কিনারে।
গত ২৪ ফেব্রুয়ারি, শুক্রবার মুক্তি পেয়েছিল ‘সেলফি’। যা দ্বিতীয় দিনের মাথাতেই বক্স অফিসে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে বলে জানাচ্ছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা। তাঁরা মনে করছেন, অক্ষয়ের দীর্ঘ অভিনয় জীবনে এটিই বোধহয় সবচেয়ে বড় ফ্লপ ছবি হতে চলেছে। আপাতত কোনও মিরাকল না-ঘটলে বক্স অফিসে ‘সেলফি’-র ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা দেখছেন না কেউই। যার ফলে বলিউডে অক্ষয় কুমারের কেরিয়ারের ভবিষ্যৎ এখন প্রশ্নচিহ্নের মুখে।
ইতিমধ্যে অক্ষয়ের একের পর এক ছবির ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অভিনেতার দিকে প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। এসব শুনে ‘খিলাড়ি’ নিজে কী বলছেন? অক্ষয়ের মতে, যদি পরপর ছবি ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে যে একটা বিরতি নেওয়ার এবং সেখানে নিজেকে বদলানোর সময় এসেছে। তাঁর কাছে এই ব্যর্থতা নতুন কোনও ব্যাপার নয়। আগেও বহুবার হয়েছে, ভবিষ্যতেও হতে পারে।
অভিনেতা বলেন, “আমি নিজের কেরিয়ারে কম ব্যর্থতা দেখিনি। পরপর ১৬টা ছবিও ফ্লপ হয়েছে আমার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। এখন আবার সেইরকম ব্যর্থতা দেখছি। এইসময় যেটা সবথেকে বেশি প্রয়োজন, তা হল একটা বিরতি নেওয়া। সঙ্গে দর্শকের পালস বুঝে নিজেকে বদলানো। নিজেকে ভেঙেচুরে একেবারে নতুন করে গড়তে হবে। আমার কাছে দর্শক সবসময় নতুন কিছু দেখতে চায়। কিন্তু আমি এতদিন সেটাই দিতে ব্যর্থ হয়েছি।”
'বিয়ে টিকিয়ে রাখতে কম চেষ্টা করিনি'! পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন জিনাত আমান