
শাহরুখ খান ও ঐশ্বর্যা রাই বচ্চন
শেষ আপডেট: 1 November 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্যা রাই বচ্চন এবং শাহরুখ খানের জুটি নজর কেড়েছে দর্শকদের। 'জোশ', 'মহব্বতেঁ', 'দেবদাস'-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁদের। জনপ্রিয় ও হিট জুটি হওয়া সত্বেও তারপর আর একসঙ্গে সেভাবে তাঁদের দেখা যায়নি। কিন্তু এর পেছনের কারণ কী? তা নিয়ে কখনওই মুখ খোলেননি দুই তারকার কেউই।
যদিও বহু বছর পর 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে তাঁদের কাস্ট করেন করণ জোহর। সেখানে যদিও খুব বেশি দৃশ্য শাহরুখের ছিল না। নেটিজেনদের মধ্যে বহুবারই এমন প্রশ্ন উঠেছে যে, দু'জনের মধ্যে কি চলে ঠান্ডা লড়াই? একে অপরকে কি তেমনভাবে পছন্দ করেন না?
সম্প্রতি ঐশ্বর্য সেই নিয়েই মুখ খুলেছেন একটি সাক্ষাৎকারে। জোশ', 'মহব্বতেঁ', 'দেবদাস'- এর পর শাহরুখের সঙ্গে আর কোনও ছবিতে তেমনভাবে রোম্যান্স করতে দেখা যায়নি ঐশ্বর্যাকে। এর পিছনের কারণ জানতে চাইলেই অভিনেত্রী বলেন, 'শাহরুখের সঙ্গে আরও ৫টি ছবিতে অভিনয় করার কথা ছিল আমার। সেই তালিকায় ছিল 'বীর জারা' ছবিটিও।'
তিনি আর বলেন, 'ছবির চিত্রনাট্য লেখা হয়েছিল আমার জন্যই। কিন্তু সেই ছবি থেকে আমি বাদ পড়ি এবং অফার যায় প্রীতি জিন্টার কাছে। আমি খুবই অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম আমাকে বাদ দেওয়া হয়েছে।' এর কারণ জানতে চাইলে স্পষ্ট করে কিছুই বলেননি ঐশ্বর্য।
তবে বলিউড সূত্রে খবর, এর নেপথ্যে নাকি ছিলেন তাঁর একদা প্রেমিক সলমন খান। শাহরুখ নাকি ঐশ্বর্য এবং সলমনের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করেছিলেন। আর তার জেরেই নাকি পরপর বেশ কয়েকটি ছবি থেকে বাদ পড়েন বিশ্বসুন্দরী। সাক্ষাৎকারে ঐশ্বর্য এও বলেন, 'এ নিয়ে আমি কোনওদিনও কোনও প্রশ্ন করেননি শাহরুখকে।'
'জোশ' ছবিতে যজম ভাই-বোনের চরিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং শাহরুখ। কিন্তু তারপর থেকেই তাঁদের নায়ক-নায়িকা হিসেবে রুপোলি পর্দায় রোম্যান্স করতে দেখেন দর্শক।