
শেষ আপডেট: 3 October 2023 20:40
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বসুন্দরীর খেতাব জিতে পা রেখেছিলেন সিনেমাজগতে। শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশন-সহ বড় বড় সব বলিউড তারকার বিপরীতে কাজ করেছেন। এমনকী আমিরের সঙ্গেও একটি ছবিতে ক্যামিও রোলে কাজ করেছিলেন তিনি। সেই অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে এখন সিনেমার পর্দায় খুব কমই দেখা যায়। কালেভদ্রে কোনও অ্যাওয়ার্ড শো কিংবা ফ্যাশন উইকের রেড কার্পেটে ধরা দেন তিনি। এবার তেমনই একটি অনুষ্ঠানে দেখা গেল অভিনেত্রীকে। দুর্দান্ত মেকআপ এবং পোশাক পরে সেখানে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। আর তারপরই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনার মুখে পড়লেন।
সম্প্রতি আন্তর্জাতিক প্যারিস ফ্যাশন উইকের রেড কার্পেটে হেঁটেছেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানে তাঁর বিস্তর প্রশংসা জুটেছে। আবার প্লাস্টিক সার্জারি করা হয়েছে বলেও তোপ দেগেছেন নিন্দকরা। যদিও অভিনেত্রী আদতেই প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিনা, তা অবশ্য জানা যায়নি। তবে অভিনেত্রীর মুখে বেশ কিছু বদল খালি চোখেই ধরা পড়েছে। একজন নেটিজেন লিখেছেন, “মুখে বোটক্স করিয়েছেন কেন? আপনি এমনিই সুন্দরী। আলাদা করে এসব করানোর দরকার ছিল না”। আবার একজন লিখেছেন, “ওজন বেড়ে গেছে, ঠিকঠাক মেকআপও হয়নি তাই বয়স বোঝা যাচ্ছে। তবে দিনের শেষে আপনিই ঐশ্বর্য”। কেউ কেউ আবার অভিনেত্রী অন্তঃসত্ত্বা বলেও দাবি করেছেন।
তামিল ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বর্য। বলিউডে ববি দেওলের বিপরীতে ‘অউর প্যায়ার হো গ্যায়া’ ছবি দিয়ে তাঁর প্রবেশ। এরপর সলমনের সঙ্গে ‘হাম দিল দে চুকে সনম’, শাহরুখের সঙ্গে ‘দেবদাস’, হৃতিকের সঙ্গে ‘ধুম ২’-র মতো একাধিক সিনেমায় অভিনয় করে সাফল্য এবং খ্যাতির চূড়ায় পৌঁছে যান। সেইসময়েই অভিষেক বচ্চনের সঙ্গে ‘গুরু’, ‘রাবণ’-এর মতো সিনেমাগুলি করার সময় প্রেম এবং তারপর তাঁকেই বিয়ে করেন। মেয়ে আরাধ্যার জন্মের পর কাজ একেবারেই কমিয়ে দিয়েছিলেন। তবে মণিরত্নমের পরিচালনায় ‘পন্নিয়ান সেলভন’ করে দারুণ প্রত্যাবর্তন করেছেন। কিন্তু তারমধ্যেই এবার প্যারিস ফ্যাশন উইকে হেঁটে সমালোচনার শিকার হলেন তিনি।