সুশান্তের মৃত্যুর পর প্রথমবার নিজের অন্ধকার সময় নিয়ে অকপট রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুত
শেষ আপডেট: 8 February 2026 13:15
দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর টানা সাত বছর রুপোলি পর্দা থেকে কার্যত উধাও হয়ে গিয়েছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। এই দীর্ঘ সময় ধরে তিনি কোনও ছবির কাজ পাননি। অভিনয় জগৎ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন যে, মানসিকভাবে সামলে নিতে থেরাপির সাহায্যও নিতে হয়েছিল অভিনেত্রীকে। সেই কঠিন সময় কাটিয়ে উঠতে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বন্ধুরা। এ বার সেই অন্ধকার অধ্যায় নিয়েই মুখ খুললেন রিয়া।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অভিনয়ে নিজের জায়গা তৈরি করতে তিনি এক দশকেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করেছিলেন। কিন্তু এক মুহূর্তে সব কিছু থেমে যায়। তাঁর কথায়, “আমি বহু বছর ধরে কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু হঠাৎ করেই সব ছেড়ে দিতে হয়েছিল—বা বলা ভাল, সব বন্ধ হয়ে গিয়েছিল। এটা আমার জন্য ভীষণ যন্ত্রণার ছিল।”
রিয়া জানান, সেই সময়ে তিনি ভাবতে শুরু করেছিলেন, তিনি আর কোনও কাজই করতে পারবেন না। অভিনয়ের কোনও প্রস্তাব আসছিল না। যদিও কিছু কাজের সুযোগ এসেছিল, সেগুলিও তিনি প্রত্যাখ্যান করেছিলেন। মানসিকভাবে তিনি তখন সম্পূর্ণ প্রস্তুত ছিলেন না বলে জানান অভিনেত্রী।
এই প্রসঙ্গেই হংসল মেহতার সঙ্গে কাজ করার সিদ্ধান্তের কথাও তুলে ধরেন রিয়া। তিনি বলেন, “হংসল স্যার আর লেখক আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে কী আটকে রাখছে। আমি ওঁদের বলেছিলাম, আমি অভিনয় ছেড়ে দিয়েছি। তখন ওঁরা বলেন, ভাল করেছি কি না সেটা বড় কথা নয়, আমার অভিনয় করা উচিত। আজ আমি খুশি যে, আমি সেই প্রস্তাবে হ্যাঁ বলেছিলাম।”
সাত বছর পর ফের সেটে ফেরা তাঁর কাছে সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা ছিল বলে জানান রিয়া। তাঁর কথায়, “এই সাত বছরে আমি যেন একটা দীর্ঘ জীবন কাটিয়েছি। সেটে ফিরে আসা সাইকেল চালানোর মতো—একবার শিখলে সেটা আর ভোলা যায় না। এটা এমন একটা অভিজ্ঞতা, যা আমি কখনও ভুলব না।”
এই সময়ে তিনি যে মানসিক, আবেগগত এবং শারীরিক ভাবে কতটা বিপর্যস্ত ছিলেন, সেটাও অকপটে স্বীকার করেন অভিনেত্রী। তিনি বলেন, “যা ঘটেছিল, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যখন কেউ আমার সঙ্গে কাজ করতে চাইত না, সেই সময়টা ছিল ভীষণ কষ্টের।” তবে সেই কঠিন সময়ে পরিবার এবং বন্ধুরাই তাঁকে শক্তি জুগিয়েছিলেন বলে জানান তিনি।
বন্ধুত্বের প্রসঙ্গ টেনে রিয়া জানান, তাঁর পাশে দাঁড়ানোর কারণে অভিনেত্রী শিবানী দান্ডেকরকে একটি ব্র্যান্ড থেকে বরখাস্ত করা হয়েছিল। সেই স্মৃতিও আজও তাঁর মনে গেঁথে রয়েছে। রিয়ার কথায়, “স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারাটা আমার কাছে অনেক বড় উপহার। ভয় ছাড়া রাস্তায় হাঁটতে পারছি—এই ছোট ছোট বিষয়গুলোই এখন আমি উপভোগ করছি।”
উল্লেখ্য, ২০২১ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার অভিনীত ছবি ‘চেহেরে’ মুক্তি পায়। মর্মান্তিক ওই ঘটনার আগেই ছবির শ্যুটিং শেষ করেছিলেন তিনি। যদিও সেই সময় শোনা গিয়েছিল, মুক্তির আগে ছবিটি থেকে অভিনেত্রীর বেশ কিছু দৃশ্য বাদ দেওয়া হয়। পরবর্তী সময়ে রিয়া এমটিভির ‘রোডিজ’-এ ফিরে আসেন এবং নিজের পডকাস্টও শুরু করেন। এ বার তাঁকে দেখা যাবে হংসল মেহতার নতুন ওয়েব সিরিজে।