‘কল্কি ২’ থেকে সরে যাওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়াকেও মানাতে হিমশিম নির্মাতারা।

দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া
শেষ আপডেট: 6 December 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই সিনেপাড়ায় গুঞ্জন, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) যে 'কল্কি ২' (Kalki 2) ছেড়ে গিয়েছেন, সেই চরিত্রের হাল ধরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যদিও নির্মাতারা এই বিষয়ে নীরব, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীপিকা ছাঁটাই হওয়ার পর এই 'মেগাবাজেট চরিত্রে' অভিনয়ের প্রস্তাব গিয়েছে প্রিয়াঙ্কার কাছে। কিন্তু হলিউড ফেরত এই 'গ্লোবাল আইকনকে' কাস্ট করা নির্মাতাদের জন্য সহজ হচ্ছে না।
জানা যাচ্ছে, যে যে কারণে দীপিকার সঙ্গে নির্মাতাদের মনোমালিন্য হয়েছিল, প্রিয়াঙ্কার ক্ষেত্রেও প্রায় একই ধরনের সমস্যা তৈরি হয়েছে। নির্মাতারা এখন রীতিমতো বেগ পাচ্ছেন প্রিয়াঙ্কার দাবিদাওয়া মেটাতে।
মাতৃত্বের দায়িত্ব পালনের জন্য প্রিয়াঙ্কাও নাকি শুটিংয়ের সময়সীমা বেঁধে দিয়েছেন। মেয়ে মালতীকে নিয়ে আউটডোর শুটিংয়ে যেতে তাঁর আপত্তি নেই। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে পারিশ্রমিক নিয়ে। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা নাকি দীপিকাকে দশ গোল দিয়ে চড়া দাম হাঁকিয়েছেন, যা নিয়ে নির্মাতাদের দর কষাকষি এখন কঠিন পর্যায়ে পৌঁছেছে। এই কারণে প্রিয়াঙ্কাও নাকি 'কল্কি ২' থেকে সরে আসতে চাইছেন।
পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী, 'কল্কি'র গল্পে কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর বিষ্ণুর দশম অবতার জন্ম নেয়। দীপিকা অভিনীত 'সুমতী'র চরিত্রটি সেই বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন এবং ধরণীকে বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব তাঁর ওপর বর্তায়। দর্শকরা এই চরিত্রে দীপিকার অভিনয়কে ফুলমার্কস দিলেও, পারিশ্রমিক এবং শুটিংয়ের সময়সীমা নিয়ে নির্মাতাদের সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি এই প্রজেক্ট ছেড়ে দেন এবং শাহরুখ খানের 'কিং' সিনেমার শুটিং শুরু করেন।
দীপিকাকে টেক্কা দিতে নির্মাতারা প্রিয়াঙ্কা চোপড়ার কাছে গিয়েছিলেন। যদিও প্রিয়াঙ্কা এই মুহূর্তে রাজামৌলির 'বারাণসী' সিনেমার কাজে ব্যস্ত থাকায় এখনই 'কল্কি ২'তে সই করতে চাইছিলেন না। এবার পারিশ্রমিক নিয়েও ঝামেলা শুরু হওয়ায় জল্পনা তৈরি হয়েছে।
এই ডাকসাইটে চরিত্রে অভিনয়ের দৌড়ে এখন আলিয়া ভাট, সাই পল্লবী, এবং অনুষ্কা শেট্টির মতো অভিনেত্রীরাও রয়েছেন। প্রভাস অভিনীত 'কল্কি' সিক্যুয়েলে দীপিকার পরিবর্তে সুমতীর ভূমিকায় শেষ পর্যন্ত কাকে দেখা যায়, সেটাই এখন দেখার বিষয়।