সদ্য কন্যা সন্তানের জন্ম, তার পরেই চরম সংকটে পড়লেন অভিনেত্রী ঈশিতা দত্ত। মা হওয়ার আনন্দের মাঝেই হাসপাতালে ভর্তি, একই সঙ্গে অসুস্থ হয়ে পড়ল তাঁর দুই বছরের ছেলেও। কী হয়েছিল ঈশিতার?

হাসপাতালে ভর্তি বাঙালি অভিনেত্রী
শেষ আপডেট: 31 July 2025 13:39
দ্য ওয়াল ব্যুরো: একদিকে মা হওয়ার আনন্দ, অন্যদিকে শারীরিক সংকট—এই দুইয়ের মধ্যেই জুলাই মাস কাটালেন অভিনেত্রী ঈশিতা দত্ত। বলিউড ও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ, বাঙালি কন্যা ঈশিতা সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন। জুন মাসে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সেই খুশির মুহূর্তের পরেই শুরু হয় চরম বিপর্যয়।
সদ্যোজাত সন্তানকে কোলে নেওয়ার কিছুদিনের মধ্যেই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। হঠাৎ করেই ওজন কমতে থাকে, এমনকী শরীরের অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। দ্রুত তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। শুধু ঈশিতা নন, তাঁর দুই বছরের ছেলে বায়ুও সেই সময় অসুস্থ হয়ে পড়ে। দু’জনেরই হাতে স্যালাইন—একই সঙ্গে মা ও ছেলের শারীরিক দুর্বলতা পরিবারের জন্য বড় ধাক্কা ছিল।
নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেই সময়ের কথা ভাগ করে নিয়েছেন ঈশিতা। বলেছেন, “যখন সদ্যোজাতের সঙ্গে থাকার কথা, তখন আমি হাসপাতালে ভর্তি। এটা সত্যিই খুব কঠিন সময় ছিল।” ঈশিতা জানিয়েছেন, হঠাৎ ওজন কমে যাওয়ার কারণ নিয়েও বহু মানুষ প্রশ্ন করেছেন। তাঁদের উদ্দেশে অভিনেত্রীর জবাব, “ওজন কমা একেবারেই ইচ্ছাকৃত ছিল না, বরং অসুস্থতার ফলেই শরীর দুর্বল হয়ে পড়ে।”

তবে মা ও ছেলে এখন অনেকটাই সুস্থ। ঈশিতার কথায়, “ভগবানের আশীর্বাদে আমরা দু’জনেই আগের তুলনায় অনেকটা ভাল আছি।” যদিও কোন রোগ বা সমস্যা হয়েছিল তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি।
এই সময়টায় পরিবারের পাশে ছায়ার মতো ছিলেন ঈশিতার স্বামী ও অভিনেতা বৎসল শেঠ। স্ত্রী ও সন্তানদের দেখভালে এক মুহূর্তের জন্যও ফাঁকি দেননি তিনি। উল্লেখ্য, ১০ জুন তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। সদ্যোজাতের নাম রাখা হয়েছে ‘ভেদা’।
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ঈশিতা ও বৎসল তাঁদের দ্বিতীয় সন্তান আগমনের খবর শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। প্রেগন্যান্সি জার্নির বিভিন্ন মুহূর্তের ফটোশুটও করেছিলেন তাঁরা। শেষবার ঈশিতাকে দেখা গিয়েছিল সুপারহিট ছবি ‘দৃশ্যম ২’-এ। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘দৃশ্যম ৩’-র জন্য। এই সিরিজে তাঁর সঙ্গে থাকছেন অজয় দেবগণ, টাবু, শ্রিয়া সারন, রজত কাপুর প্রমুখ।