
শেষ আপডেট: 2 September 2022 15:49
দ্য ওয়াল ব্যুরো: একসময় পার্ক হোটেলের পাশের ট্রিংকাস (Trinkas) থেকেই শুরু হয়েছিল তাঁর স্বপ্নের যাত্রা। বারবার তাঁর মুখে শোনা গিয়েছে এই শহরের কথা। কপালের টিপে সবসময় ‘ক’ লিখে রাখেন ঊষা। একবার সেই টিপের ব্যাখ্যা দিতে গিয়ে দক্ষিণী এই গায়িকা বলেছিলেন, কলকাতাই তাঁর কপাল ফিরিয়ে দিয়েছে। আজ, শুক্রবার সেই ট্রিংকাসেই ফিরে গেলেন ঊষা উত্থুপ (Usha Uthup)। সৌজন্যে অভিনেতা দেব (Dev)।
শুক্রবার বিকেলে ট্রিংকাসে দেবের আগামী ছবি ‘কাছের মানুষ’-এর (Kacher Manush) নতুন গান ‘চুম্বক মন’ (Chumbok Mon) লঞ্চ হল। দেবের ছবিতে এই গানটির প্লে ব্যাক করেছেন ঊষাই। সেখানেই ছবির অন্যান্য শিল্পীদের সঙ্গে হাজির ছিলেন গায়িকা। বসে বসে গোটা অনুষ্ঠানটি উপভোগ করেন তিনি। নীলায়ন চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে জ্যাজ ঘরানার গান ‘চুম্বক মন’। বহুদিন পর বাংলা ছবিতে প্লে ব্যাক করার আনন্দ তখন তাঁর চোখেমুখে স্পষ্ট।
অনুষ্ঠান তখন প্রায় শেষের দিকে। সেই সময়ে হঠাৎই ‘দিদি’র দিকে এগিয়ে আসেন দেব। হাত বাড়িয়ে ডেকে নেন ফ্লোরে। অভিনেতার ডাকে সাড়া দিয়ে উঠে আসেন ঊষাও। স্পিকারে বেজে ওঠে ‘চুম্বক মন’। আর সেই গানের তালে তালে মাতিয়ে দিলেন দু’জন মিলে। দেবের সঙ্গে ঊষার নাচ দেখতে তখন ফ্লোরের সামনে থিকথিক করছে গোটা ট্রিংকাস।
উল্লেখ্য, এবছর পুজোয় রিলিজ হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইশা সাহা অভিনীত 'কাছের মানুষ'। আজ সেই ছবিরই প্রথম গান 'চুম্বক মন' মুক্তি পেল। আর গানের সুরে ও ফ্রেমে ধরা রইল উত্তর কলকাতার অলিগলি, পথঘাট, হেদুয়া পার্ক এমনকি কফি হাউজও।
গানের শুরুতেই দেখা যাচ্ছে দেবকে চারটি খাবারের নাম বলেন ইশা— ফুচকা, এগরোল, ঝালমুড়ি আর তেলেভাজা। দেব এর মধ্যে বেছে নিলেন এগরোল। তারপর দুজনে মিলে কখনও হেঁটে, কখনও আবার টানা রিকশা কিংবা ট্রামে চেপে ঘুরে বেড়ালেন হেদুয়া থেকে কলেজ স্ট্রিট। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বেজে চলল উষা উত্থুপের গলায় 'চুম্বক মন'।
দেবের ‘কাছের মানুষ’ কে, জানাবেন প্রসেনজিৎ! মুক্তি পেল ছবির ট্রেলার