ছবির প্রথম দিনের প্রথম শো-এর অগ্রিম টিকিট বুকিং আগেই শেষ হয়ে গিয়েছে। এবার অপেক্ষার পালা শেষ করে দর্শকদের হাতে পৌঁছতে চলেছে বিশেষ ‘গোল্ডেন টিকিট’।
.jpg.webp)
শেষ আপডেট: 5 February 2026 13:26
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬-এর বক্স অফিসে কোন বাংলা ছবি সবচেয়ে বড় আলোড়ন তুলতে চলেছে, তা নিয়ে এখন থেকেই আলোচনা তুঙ্গে। সেই তালিকার শীর্ষেই উঠে আসছে দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) বহুচর্চিত ছবি ‘দেশু ৭’ (Desu 7)। ‘প্রাক্তন’ জুটির বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন যে দর্শকদের মনে আলাদা উত্তেজনা তৈরি করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। মাঝে দূরত্ব থাকলেও, সব কিছু পিছনে ফেলে ফের একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী—আর তারই পরিণতি এই ছবি।
ছবির প্রথম দিনের প্রথম শো-এর অগ্রিম টিকিট বুকিং আগেই শেষ হয়ে গিয়েছে। এবার অপেক্ষার পালা শেষ করে দর্শকদের হাতে পৌঁছতে চলেছে বিশেষ ‘গোল্ডেন টিকিট’। সাধারণত অনলাইনে টিকিট কাটার পর এমনভাবে হাতে টিকিট পাওয়ার রীতি নেই। কিন্তু ‘দেশু ৭’-এর ক্ষেত্রে শুরু থেকেই যে দর্শকদের জন্য একের পর এক চমক অপেক্ষা করছে, তারই আরেকটি প্রমাণ এই উদ্যোগ।
এই গোল্ডেন টিকিটের সঙ্গে রয়েছে বাড়তি আকর্ষণও। টিকিটে থাকছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ, যা নিঃসন্দেহে অনুরাগীদের কাছে বিশেষ প্রাপ্তী হয়ে উঠবে। দেব এবং শুভশ্রী দু’জনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার সকালে এই গোল্ডেন টিকিট হাতে পাওয়ার খবর শেয়ার করে নেন।
সেই পোস্টের ক্যাপশনে তাঁরা লেখেন, আজ থেকেই ‘দেশু ৭’-এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের গোল্ডেন টিকিট পাওয়া যাচ্ছে। দর্শকদের উদ্দেশে তাঁরা জানান, যে যে সিনেমাহলে টিকিট বুক করা হয়েছে, সেখানেই গিয়ে দ্রুত এই বিশেষ টিকিট সংগ্রহ করতে। সঙ্গে থাকে বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়ার ডাক।
এর আগেই, গত ২৯ জানুয়ারি একটি পোস্টের মাধ্যমে দেব ও শুভশ্রী জানিয়েছিলেন যে পুজোর সবচেয়ে বড় চমক হিসেবে ৫ ফেব্রুয়ারি থেকে ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট দেওয়া হবে। কথা রেখেই নির্দিষ্ট দিনেই শুরু হল টিকিট বিতরণ। যদিও অগ্রিম বুকিং শুরু হওয়ার পর অনেকের মনেই প্রশ্ন ছিল—এত আগে টিকিট কেন? কিন্তু ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা সেই সব প্রশ্নকে দ্রুত চাপা দিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এখনও ছবির চিত্রনাট্য সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও অনলাইন টিকিট বুকিং অ্যাপে যেভাবে প্রথম থেকেই হাউসফুলের ঝড় উঠেছে, তা ভারতীয় বিনোদন জগতে বিরল উদাহরণ। পুজোর এখনও ন’মাস বাকি থাকলেও, তার অনেক আগেই বড়সড় পরিকল্পনা ও স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমে পড়েছেন দেব ও শুভশ্রী। সব মিলিয়ে, ‘দেশু ৭’ যে পুজো ২০২৬-এর অন্যতম বড় বক্স অফিস বিস্ময় হতে চলেছে, তা এখনই স্পষ্ট।