সারা, আদিত্যর কেমিস্ট্রি প্রোমোশনাল ইভেন্ট জুড়ে ছড়িয়ে পড়েছে, তা কারও নজরই এড়ায়নি।

শেষ আপডেট: 25 June 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পর্দায় এবার প্রথম একসঙ্গে দেখা যাবে সারা আলি খান ও আদিত্য রায় কাপুরকে। অনুরাগ বসুর পরিচালনায় 'মেট্রো ইন দিনো' ছবিতে এই নতুন জুটিকে একসঙ্গে দেখার জন্য অনুরাগীরা রীতিমতো অপেক্ষায় দিন গুনছেন। ইতিমধ্যেই প্রোমোশনাল ইভেন্টে তাঁদের কেমিস্ট্রি নজর কেড়েছে সকলের।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির চতুর্থ গানের ভিডিও ‘আউর মহব্বত কিতনি করুঁ’, গেয়েছেন অরিজিৎ সিং। গানটি মুক্তি পাওয়ার পরপরই ইন্টারনেটে ভাইরাল, এবং সারা-আদিত্যর রোম্যান্সও নজরকাড়া। তবে গানের এক বিশেষ দৃশ্য দেখে অনেকেই ফিরে গেছেন অতীতে — যেখানে সারার সঙ্গে স্ক্রিনে জুটি বেঁধেছিলেন আরেক অভিনেতা। তাঁদের অফস্ক্রিন সম্পর্ক ছুঁয়ে গেছিল অনস্ক্রিনকেও।
পাঁচ বছর আগের কথা। ইমতিয়াজ আলির 'লাভ আজ কাল' (২০২০)-তে সারা আলি খান ও কার্তিক আরিয়ান জুটি তৈরি করেছিলেন বলিউডের এক অসাধারণ অনস্ক্রিন কেমিস্ট্রি। ছবির একটি দৃশ্যে, মদ্যপ অবস্থায় থাকা সারাকে বাইকে বাড়ি পৌঁছে দেন কার্তিক — এক হাতে বাইক চালিয়ে, আর অন্য হাতে সারাকে ধরে রাখেন তিনি। এই মুহূর্তটি বলিউড রোম্যান্সের ইতিহাসে এক বিশেষ জায়গা পেয়েছে।
এবার 'মেট্রো ইন দিনো'-এর গানে দেখা গেল এক্কেবারে একই এক সিন। আদিত্য বাইক চালাচ্ছেন, আর সারা প্রায় ঘুমন্ত অবস্থায় তাঁর কাঁধে মাথা দিয়ে বসে আছেন। আদিত্য তাঁকে এক হাতে আঁকড়ে ধরে আছেন।
ইনস্টাগ্রামের একটি পেজ দুই ছবির দৃশ্যের একটি কম্পাইলেশন ভিডিও তৈরি করেছে, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
একজন ইউজার লিখেছেন, ‘আমি সেটাও খেয়াল করলাম। 'লাভ আজ কাল ২'-এর ওই সিন এককথায় অসাধারণ।’ আরেকজন বলেন, ‘কার্তিক আরিয়ানের ইনটেনসিটি আলাদা লেভেলের ছিল।’ মজার ছলে কেউ কেউ লিখেছেন, ‘এরপর সারা বোধহয় রনবীর কাপুরের বাইকে উঠবেন।’
সারা ও আদিত্যর নতুন অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে অপেক্ষায় রয়েছে বলিউডপ্রেমী দর্শক। ৪ জুলাই মুক্তি পাচ্ছে ‘মেট্রো ইন দিনো’।
তবে অনেকেই এখনও আশা করছেন, হয়তো একদিন আবার দেখা যাবে সারা ও কার্তিককে একসঙ্গে পর্দায়।
প্রসঙ্গত, আগে যখন ‘কফি উইথ করণ’-এ সারা ও অনন্যা এসেছিলেন। তখন ‘মেট্রো ইন দিনো’ সিনেমার শ্যুটিং চলছিল এবং আদিত্যর সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা। ‘হ্যাম্পার’ বলে কোড নেম নিয়ে অন এয়ার কথা হয় দু’জনের। হ্যাম্পার যে ঠিক কী, সেটা বুঝতে অসুবিধা হয়নি কারও। পরে অনন্যা-আদিত্যর সম্পর্ক ভেঙে যায়। ভিডিওটা ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্ট করছে। কেউ আবার বলেছে, 'দু'জনকে কিন্তু বেশ ভাললাগছে। ভাগ্যিস অনন্যা এসব দেখে ফেলেনি। তার আগেই ব্রেকআপটা হয়ে গেছে।'
সেই কথার সূত্রে এবং সিনেমার প্রোমোশনে যে কেমিস্ট্রি দেখা গেছে সারা-আদিত্যর, তাতে সারা-কার্তিক জুটির মতো এবারেও অনস্ক্রিন রোম্যান্স নিয়ে অনুরাগীরা বেশ আশাবাদী।