
শেষ আপডেট: 19 March 2023 09:26
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে টলিউড সুপারস্টার জিতের বিপরীতে নায়িকা হিসেবে বড়পর্দায় (cinema) ডেবিউ করেছেন লহমা ভট্টাচার্য (Lahoma Bhattacharya)। প্ৰথম ছবিতে বেশ নজর কেড়েছিলেন তিনি। আগামীদিনে বড় তারকা হওয়ার মশলা তাঁর মধ্যে মজুত রয়েছে, একথা স্বীকার করেছেন বহু সিনেমা বিশ্লেষক। কিন্তু যে সময় দাঁড়িয়ে টলি তারকাদের বিরুদ্ধে নিজেদের অতীত ভুলে যাওয়ার অভিযোগ ওঠে, ঠিক সেই সময়ে নিজের শিকড়ে ফিরে লহমা যেন বুঝিয়ে দিলেন, ভবিষ্যৎ উজ্জ্বল হলেও অতীতকে ভুলতে নেই।
জিতের বিপরীতে নায়িকা হলেও বড়পর্দায় তাঁর কাজ কিন্তু সেই ছোটবেলায়। পরিচালক প্রভাত রায় (Prabhat Roy) ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টেলিভিশনের জন্য তৈরি করেছিলেন 'কাবুলিওয়ালা'। সেখানেই 'মিনি' চরিত্রটিতে প্রথমবার কাজ করেছিলেন লহমা। এই ছবির জগতে যে প্রভাত রায়ের হাত ধরেই তাঁর আশা, সে কথা বারবার শোনা গিয়েছে তাঁর মুখে। বর্তমানে সেই পরিচালক একপ্রকার অবসরে চলে গিয়েছেন। বয়সও হয়েছে অনেকটাই। দিনকয়েক আগেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। তাই জীবনের প্রথম পরিচালককে দেখতে তাঁর বাড়ি ছুটে গেলেন অভিনেত্রী।
লহমার বাবা বাংলা তথা এ দেশের নামী সাংবাদিক। তাঁর মা'ও একজন গুণী শিল্পী। সেই শিল্প-সংস্কৃতির পরিমণ্ডলে বেড়ে ওঠা লহমার এই জগতে আসা যেন একপ্রকার নিশ্চিতই ছিল। আর সেই চলার পথে প্রথম যিনি হাত ধরেছিলেন, তাঁকে ছোট থেকেই লহমা চেনেন 'প্রভাতজেঠু' নামে। রবিবার সকালে তাঁকে নিয়েই সামাজিক মাধ্যমে দু'কলম লিখলেন অভিনেত্রী। সঙ্গে ঝালিয়ে নিলেন পুরনো স্মৃতি।
লহমা লিখেছেন, "প্রভাতজেঠু যে অসুস্থ প্রথম ফেসবুকেই দেখি। তারপর কাল (শনিবার) দুপুরে যখন শুনলাম, বাবা ওঁকে বাড়িতে দেখতে যাচ্ছেন, আমিও সঙ্গে গাড়িতে উঠে পড়ি। একটাই কারণ ওঁকে অসুস্থ শরীরে দেখতে গিয়ে বহুবছরের জমে থাকা কৃতজ্ঞতা নীরবে জানানো। আজ থেকে কুড়ি বছর আগে যখন 'ই টিভি'র টেলিফিল্ম 'কাবুলিওয়ালা'-য় প্রথম মিনি চরিত্রটা করি, তখন ডিরেক্টর প্রভাত রায় কে, ক'টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ওঁর ছবি, রহমত সাজা কাবুলিয়ালা ভিক্টর বন্দ্যোপাধ্যায় কে, কিছুই বুঝতাম না। বোঝার বয়সই হয়নি। এতবছর আগের কথা।"
এরপর অভিনেত্রী আরও লেখেন, "টেলিফিল্মে আমার একটা নাচ ছিল রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। সেই 'ফুলে ফুলে ঢলে ঢলে'র সঙ্গে নাচতে গিয়ে প্রভাতজেঠুর মৃদু বকুনি খেয়েছিলাম মনে আছে। আজ যখন হঠাৎ করে এই প্রফেশনে এসে পড়েছি তখন বুঝতে পারি ওই শিশু বয়সে প্রভাতজেঠুর মতো বড় ডিরেক্টরের আন্ডারে ওই ব্রেকটা পেয়েছিলাম, সত্যি আমি কত লাকি! আজ উনি মজা করে আমায় বললেন আমি তেরোজন নায়িকা তৈরি করেছি। তুমি হলে আমার সাড়ে তেরো নম্বর। শুনে খুব হাসলাম। প্রভাতজেঠু, তাড়াতাড়ি ভালো হয়ে যাও।"
পাল্টা লহমাকে নিয়ে নিজের মনের কথা জানিয়েছেন প্রভাত রায়ও। সেই পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, "তুই বড্ড ছোট রে চিনি। ধন্যবাদ আর কি জানাব! অনেক শুভেচ্ছা, ভালবাসা জানাই। যে জগতে পা রেখেছিস সেই অভিনয় জগতে অনেক নাম-যশ-খ্যাতি, সাফল্য অর্জন কর এই কামনা করি। আমার বিশ্বাস তুই পারবি।"
কলকাতার মেয়ের হাতে অস্কার! অ্যাকাডেমির মঞ্চে জয়জয়কার বঙ্গতনয়ার