
অভিনেতা উদয় শঙ্কর।
শেষ আপডেট: 27 April 2024 09:28
দ্য ওয়াল ব্যুরো: প্রাসাদোপম বাড়ি। ভূতেদের সেই আস্তানা ভেঙে ফেলে অত্যাধুনিক শপিং মল বানানোর প্ল্যান করেছিলেন প্রোমোটার গনেশ ভুতোরিয়া। হাতকাটা কার্তিকের যোগসাজশে রাতের অন্ধকারে প্রোমোটারকে রিকশায় চড়িয়ে 'চৌধুরী প্যালেস' পৌঁছে দিয়েছিলেন আত্মারাম!
ভূতের ভবিষ্যৎ সিনেমার সেই অন্যতম চরিত্র আত্মারাম ওরফে অভিনেতা উদয় শঙ্করের কথা মনে পড়ে? মারণরোগ ক্যাান্সারে আক্রান্ত অভিনেতা। বর্তমানে শয্যাশায়ী। অর্থাভাবে কার্যত বিনা চিকিৎসায় রয়েছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এ খবর জানিয়ে সকলের সাহায্য প্রার্থনা করেছেন পরিচালক অভিজিৎ পাল। নিজে থেকে ইন্ডাস্ট্রির অন্যদের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।
অভিজিতের কথায়, 'আমাদের সব্বার প্রিয় আত্মারাম ক্যান্সারে আক্রান্ত। অভিনয়কে এতটাই ভালবেসেছিলেন যে বিয়ে পর্যন্ত করেননি। এক দিদির সঙ্গে থাকতেন। সেই দিদিও সম্প্রতি পা ভেঙে পড়ে রয়েছেন। উদয়দার এমন অবস্থার কথা ভেবে সত্যি খুব খারাপ লাগছে।"
অভিনয় দক্ষতা থাকলেও কেউ উদয়শঙ্করকে কখনও লিড রোল দেননি বলেও অনুযোগ অভিজিতের। সে কারণে তিনি নিজেই একটি সিনেমা তৈরি করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার মাঝেই সামনে এল অভিনেতার অসুস্থতার খবর।
জানা গেছে, গত ডিসেম্বরে কাশির সঙ্গে রক্ত বেরিয়ে আসে উদয়শঙ্করের। প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। দেখাতে চাননি ডাক্তারও। একরকম জোর করে তাঁর পরিচিত কয়েকজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, ফুসফুসে ক্যাান্সার। লাস্ট স্টেজ।
অভিজিতের কথায়, " ক্যাান্সারের মতো ব্যয়বহুল মারণরোগের চিকিৎসার খরচ ওর পক্ষে বহন করা প্রায় অসম্ভব । তাই সকলের কাছে সাহায্যের আবেদন রেখেছি।"