
শেষ আপডেট: 14 October 2023 21:06
দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে ট্রোলিং হোক বা 'রোস্টিং', তারকাদের কাছে তা নতুন কিছুই নয়। বেশিরভাগ সেলেবই সেসব দেখেও নির্বিবাদে এগিয়ে যান। নেতিবাচক জিনিসে চোখ পড়লেও পাত্তা না দেওয়াটাই নাকি তাদের ইতিবাচক থাকার মূলমন্ত্র। তবে সকলেই এক ধাতুতে গড়া নন। যেমন সোনম কাপুর আহুজা। সম্প্রতি এক ইউটিউবারকে তাঁকে অনলাইনে হেনস্থা করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন অনিল-কন্যা।
স্পষ্টবক্তা হিসেবে ইন্ডাস্ট্রিতে নাম রয়েছে সোনমের। দিনকয়েক আগেই মেক-আপ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। স্পষ্ট করেই জানিয়েছিলেন, যে নিখুঁত লুকে তারকাদের দেখে থাকেন আমজনতা, তা আসলে কতটা মিথ্যে। জানিয়েছিলেন, চেহারায় খুঁত থাকে সেলিব্রিটিদেরও। মেকআপ এবং এডিটিং-এর সাহায্যে সেসব ঢেকে তবেই ক্যামেরায় মুখ দেখান তাঁরা। এবারে অবশ্য ’কথা কম, কাজ বেশি' নীতিতে এগিয়েছেন 'রাঞ্ঝনা' অভিনেত্রী। এক ইউটিউবারের পোস্ট করা ভিডিওর জন্য তাঁর নিজের, স্বামী আনন্দের এবং তাঁদের ফ্যাশন ব্র্যান্ডের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন সোনম।
রাগিণী নামে ওই ইউটিউবার নিজের ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই আইনি নোটিস। ক্যাপশনে লিখেছেন, 'তিনি, যাঁর নাম নেওয়া বারণ'। তাঁকে পাঠানো ওই নোটিসে দাবি করা হয়েছে, রাগিনী একটি ভুয়ো ভিডিও বেআইনিভাবে পোস্ট করেছেন, যা আসলে সোনম কাপুর আহুজার মালিকানাধীন। সেই সঙ্গে জানানো হয়েছে, এই ধরনের কার্যকলাপ অনুমোদন করেন না সোনম।
View this post on Instagram
ওই আইনি চিঠিতে রাগিণীকে অনুরোধ করা হয়েছে যাতে তিনি পোস্টটি মুছে দেন এবং তাঁর প্ল্যাটফর্মের তরফে এমন ধরনের কাজ যে আর হবে না সে বিষয়টি নিশ্চিত করেন। এই অনুরোধ যে শুধুই অনুরোধ নয় সেকথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে নোটিসে। রাগিণীকে বলা হয়েছে, উক্ত অনুরোধ না রাখলে অভিনেত্রী নিজের সুনাম রক্ষার্থে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
রাগিণী যদিও দাবি করেছেন, তিনি সোনমের কোনও ব্যক্তিগত জিনিস ব্যবহার করেননি। বরং সর্বসাধারণের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে সোনম যে 'বোকার মতো' কথা বলেছিলেন তা নিয়ে ভিডিওটি বানিয়েছিলেন তিনি। 'আমি এটাও বলেছিলাম যে, অভিনেত্রী যেমন কথাই বলে থাকুন না কেন, আমরা নিজেরাও অনেক সময় একই ধরনের কথা বলে থাকি। মাঝে মাঝে বোকা বোকা কথা বলা যে কোনও মানুষের পক্ষেই স্বাভাবিক ব্যাপার। আমি ওঁকে যত না অপমান করেছি, তার চেয়ে বেশি ওঁর পক্ষেই দাঁড়িয়েছিলাম,' জানিয়েছেন ওই ইউটিউবার।
ইউটিউবে রাগিণীর ৬ হাজার সাবস্ক্রাইবার আছে। তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, সোনমের মতো একজন ক্ষমতাশালী মানুষের সঙ্গে লড়াই করার মতো সামর্থ্য কিংবা সময় কোনওটাই নেই তাঁর। তবে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনরা অনেকেই রাগিণীর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, ওই ভিডিওতে এমন কিছুই আপত্তিকর ছিল না। তবে সোনম যে তেমনটা ভাবেন না, তা দিনের আলোর মতোই স্পষ্ট।