
শেষ আপডেট: 13 January 2024 16:37
দ্য ওয়াল ব্যুরো: বিমানের নির্ধারিত সফরসূচিতে বদল। আর তার জন্যই ১ ঘণ্টারও বেশি সময় এরোব্রিজের মধ্যে ছোট্ট জায়গায় আটকে রইলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কোনও জল নেই, খাবার নেই, এমনকী বাথরুম যাওয়ারও ব্যবস্থা নেই। একা অভিনেত্রী নন, সেইভাবেই দীর্ঘক্ষণ আটকে রইলেন তাঁর সহযাত্রীরাও, যাঁদের মধ্যে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধারাও ছিলেন।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুর্ভোগের সেই কাহিনি শেয়ার করেছেন রাধিকা তিনি লিখেছেন,শনিবার সকাল সাড়ে ৮টায় তাঁর একটি ফ্লাইট ছিল। এখন কিন্তু সাড়ে ১০টা বেজে গেলেও তিনি প্লেনে উঠতে পারেননি। বিমান সংস্থার তরফে বোর্ডিং-এর কথা জানানো হয়। কিন্তু তারপরেই তাঁদের একটি এরোব্রিজের মধ্যে আটকে দরজা বন্ধ করে দেওয়া হয়।

"ছোট শিশু, বয়স্ক ব্যক্তিদের সহ যাত্রীদের এক ঘণ্টারও বেশি সময় ধরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। নিরাপত্তাকর্মীরা দরজা খুলছে না। কর্মীদের কোনও ধারণাই নেই কী হচ্ছে," লেখেন অভিনেত্রী।
সেই সঙ্গে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে লক করা কাচের দরজার পিছনে বেশ কয়েকজন যাত্রীকে নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে।
View this post on Instagram
৩৮ বছর বয়সি বলিউড অভিনেত্রী জানিয়েছেন, এয়ারলাইনসের তরফে যাত্রীদের জানানো হয়েছিল, কমপক্ষে এক ঘণ্টা ঐভাবেই আটকে থাকতে হবে তাঁদের। বিমান সংস্থার প্রতি স্বভাবতই ক্ষুব্ধ অভিনেত্রীর বক্রোক্তি, "এই দারুণ মজাদার সফরের জন্য ধন্যবাদ!"
তবে কোন বিমানবন্দরে এবং কোন বিমান সংস্থা এই ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে রাধিকা কিছু জানাননি। তবে তাঁর দাবি, সংস্থার তরফে শুধু জানায় হয়েছিল, বিমানের ক্রু পরিবর্তন করা হচ্ছিল। নতুন ক্রু না এসে পৌঁছানোতেই এই দেরি এবং ভোগান্তি।