
শেষ আপডেট: 15 November 2022 11:13
দ্য ওয়াল ব্যুরো: ২০০ কোটি টাকা তছরূপ ও পাচার কাণ্ডে (Money Laundering Case) মঙ্গলবার জামিন (Bail) পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। মঙ্গলবার দিল্লির একটি আদালত অভিনেত্রীকে জামিন দিয়েছে। উল্লেখ্য, এই অর্থ পাচারের ঘটনার সঙ্গেই জড়িত সুকেশ চন্দ্রশেখর, যিনি জ্যাকলিনের প্রেমিক বলেই জানে গোটা বলিউড।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর সুকেশ চন্দ্রশেখর সংক্রান্ত ২০০ কোটি আর্থিক তছরূপের মামলায় দিল্লি কোর্টে শুনানি ছিল। সেদিন আদালত এই মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের জামিনের শুনানি স্থগিত রাখে। অভিনেত্রী এই ভিত্তিতে জামিন চেয়েছিলেন যে, এই মামলার তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে এবং চার্জশিটও দাখিল করা হয়েছে। তাই এখন আর তাঁর হেফাজতের প্রয়োজন নেই।
জ্যাকলিন ফার্নান্ডেজকে এই অর্থ তছরূপ কাণ্ডে তদন্তের জন্য একাধিকবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম ছিল অভিনেত্রীর। তবে ইডির আগের চার্জশিট এবং সাপ্লিমেন্টারি চার্জশিটে জ্যাকলিনকে আসামি বলে উল্লেখ করা হয়নি। অভিনেত্রীর বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি সুকেশের থেকে কোটি কোটি টাকার উপহার নিয়েছেন। গিয়েছেন বিদেশ ভ্রমনেও।
অন্যদিকে ২০০ কোটি টাকা দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর আপাতত জেলবন্দি। তাঁর সঙ্গে জ্যাকলিনের সখ্য নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে বলে জানা গিয়েছে। একদিকে এই মামলার তদন্ত করছে ইডি। অন্যদিকে সমান্তরাল তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখাও।
ঐন্দ্রিলার ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হল, মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত, আর কী জানাল হাসপাতাল