সোশ্যাল মিডিয়ার অদৃশ্য হয়ে যখন ক্রমাগত আক্রমণ, কটূক্তি, হুমকি—এই সবকিছুর বিরুদ্ধে ক্ষোভ জমছিল দিনের পর দিন। দিন দুয়েক আগেই ইঙ্গিত মিলেছিল, শুক্রবার লালবাজারের দিকে পা বাড়াতে পারে বাংলা ছবির দুনিয়া।

দেব
শেষ আপডেট: 2 January 2026 20:02
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার অদৃশ্য হয়ে যখন ক্রমাগত আক্রমণ, কটূক্তি, হুমকি—এই সবকিছুর বিরুদ্ধে ক্ষোভ জমছিল দিনের পর দিন। দিন দুয়েক আগেই ইঙ্গিত মিলেছিল, শুক্রবার লালবাজারের দিকে পা বাড়াতে পারে বাংলা ছবির দুনিয়া। ঠিক তেমনই, দুপুর গড়াতেই একে একে হাজির হতে শুরু করলেন টলিউডের পরিচিত মুখেরা—এক অঘোষিত কিন্তু ঐক্যবদ্ধ অভিযানে।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত—লালবাজারের চত্বরে যেন জমে উঠল টলিপাড়ার প্রতিনিধিত্বশীল ছবি। প্রযোজক রানা সরকার, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপস্থিতিও সেই ঐক্যের বার্তাকেই আরও জোরালো করল। উদ্দেশ্য একটাই—সাইবার ক্রাইম ও সামাজিক মাধ্যমে লাগাতার হেনস্থার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হওয়া, লিখিত অভিযোগ জানানো, এবং নিজেদের নিরাপত্তার প্রশ্নে প্রশাসনের সহায়তা চাওয়া।
তবে এত মানুষের ভিড়েও একটি নামের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেব অধিকারী। টলিউডের অন্যতম বড় তারকা, প্রযোজক, অভিনেতা—এ দিন তিনি লালবাজারে নেই। প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবেই। ফেডারেশন সভাপতিকে বিষয়টি জিজ্ঞেস করা হলে তাঁর উত্তর সংক্ষিপ্ত, “অনেকেই আসতে পারেননি। সবারই আলাদা আলাদা কাজ থাকে।” কথাটা যুক্তিযুক্ত শোনালেও ধোঁয়াশা কাটল না।
কারণ, ঠিক তার আগের দিনই ‘প্রজাপতি ২’-এর হল ভিজিটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব স্পষ্ট বলেছিলেন, লালবাজার অভিযানের বিষয়ে তিনি কিছুই জানেন না। অথচ তিনি তখন কলকাতাতেই ছিলেন। ফলে তাঁর অনুপস্থিতিকে ঘিরে জল্পনা আরও ঘনীভূত হয়—এ কি নিছক ব্যস্ততা, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনও সমীকরণ?
ঠিক এমনই উত্তপ্ত আবহের মধ্যেই সন্ধেয় যেন আচমকা আকাশ ফেটে নামল আর এক খবর। দেব-শুভশ্রী আবার একসঙ্গে। যখন লালবাজারে দেবের অনুপস্থিতি নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ধূমকেতুর মতো আছড়ে পড়ল ঘোষণা—আগামী দুর্গাপুজোয় আবার বড় পর্দায় ফিরছে দেব ও শুভশ্রীর জুটি। গুঞ্জন ছিল অনেক দিন ধরেই, কিন্তু বাস্তবে তা যে সত্যি হবে, আর শুভশ্রী যে সম্মতি দেবেন—তা বিশ্বাস করতে পারেননি অনেকেই। আর তাই খবরটা প্রকাশ্যে আসতেই আবেগে ভেসে গেল ভক্তমহল। চোখে জল, মুখে হাসি—‘দেশু’ ফিরছে আবারও।
‘ধূমকেতু’-র পর ফের একবার এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। প্রযোজনার দায়িত্বে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস। লালবাজারে যখন দেবকে নিয়ে প্রশ্নের কালো ছায়া, তখন দেব জবাব দিলেন—বক্তব্যে নয়, নতুন ছবির ঘোষণায়।
টলিপাড়ার নাট্যমঞ্চে যেখানে দিনভর আলোচনার কেন্দ্র ছিল কটূক্তি ও হুমকির বিরুদ্ধে প্রতিবাদ, সেই সন্ধ্যাতেই দৃশ্যপট এক ঝটকায় পাল্টে গেল—‘দেশু’ ফিরছে! ‘ধূমকেতু’র গতিতে ছুটে আসা সেই জুটি, যাঁদের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল অসংখ্য ভক্তহৃদয়।