
শেষ আপডেট: 30 November 2023 18:07
দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনোসমাজকর্মী পিয়া চক্রবর্তী। আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই হতে পারত এই বিয়েটিও। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তা হওয়ার জো নেই। পিয়া যে গায়ক-সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ব্যস, এই নিয়েই সামাজিক মাধ্যমে খাপ পঞ্চায়েত বসিয়ে দিলেন নেটিজেনরা। পিয়াকে প্রায় শূলে চড়াতে বাকি রাখলেন তাঁরা। চরিত্র হনন তো বটেই, পিয়ার চেহারা নিয়েও নোংরা মন্তব্য ছড়িয়ে গেল চারদিকে। এবার সেই নিয়ে পাল্টা মুখ খুললেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। নিজেকে ভাগ্যবান আখ্যা দিয়ে বললেন, ভাগ্যিস আবির অভিনেতা হিসাবে জনপ্রিয় হওয়ার আগে বিয়েটা হয়ে গিয়েছিল!
কিন্তু পরম-পিয়ার এই ঘটনায় নন্দিনী কেন নিজের এবং আবিরের কথা টেনে আনলেন? আসলে আবির যে সুদর্শন যুবক, তা নিয়ে কারও দ্বিমত নেই। শুধু তাই নয়, অভিনেতাকে যাঁরা ব্যক্তিগতভাবে চেনেন, তাঁদের মতেও আবির একজন সুপুরুষ এবং যোগ্য স্বামী। কিন্তু দেখা গিয়েছে, বারবার আবিরের স্ত্রী হওয়ার যোগ্যতার নিরিখে নেটিজেনদের একাংশের কাছে একেবারেই পাসমার্ক পাননি নন্দিনী। আবির হয়তো ব্যক্তিগত জীবনে সুখীই আছেন। কিন্তু সেই আমজনতার কাছে নন্দিনী মোটেও আবিরের স্ত্রী হিসাবে গ্রহণযোগ্য নন। কারণ, তাঁর শ্যামলা বর্ণ এবং স্থূল শরীর। সেই কারণেই নন্দিনীকে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে। সেই নিয়েই এবার মুখ খুলেছেন তিনি।
নন্দিনী লিখেছেন, “আমার বিয়ে হয়েছে ১৬ বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান মনে হয়, এই ভেবে যে আবির অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয় হওয়ার অনেক আগে কাজটা সেরে ফেলেছি। সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে ডিজিটাল নিউজ মিডিয়া এত জনপ্রিয় হওয়ার আগে বিয়েটা করে নেওয়ার জন্যে নিজেকে সত্যি ভাগ্যবান লাগে। জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত! ভাববেন না এটা বিশেষ কোনও এক তারকার সঙ্গীকেই সহ্য করতে হচ্ছে। এখানে কারও ছাড় নেই। কাউকে শুনতে হচ্ছে আগের কোনও সম্পর্ক নিয়ে, অথবা কাউকে বডি শেমিং করা হচ্ছে। কোনও না কোনও কারণে আপনাকে কথা শুনতেই হবে। আমার ধারণা খুব সুন্দর সবকিছু পারফেক্ট হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের।”
নন্দিনীর এই ফেসবুক পোস্ট যে পরম-পিয়ার বিয়ে এবং তারপর ঘটে যাওয়া যাবতীয় ট্রোল এবং তাঁর সঙ্গে হয়ে চলা এতবছরের নোংরামির দিকেই ইঙ্গিত করছে, তা বুঝতে বাকি থাকেনি কারওই। আবিরের স্ত্রীর এই পোস্টে অনেকেই মন্তব্য করেন। কমেন্ট করেছেন পিয়া চক্রবর্তী নিজেও। তিনি লেখেন, “শোনো, ট্রোলিং অত্যন্ত টক্সিক। তবে একটা জিনিস তুমিও জানো, আর আমিও বুঝেছি সময়ের সঙ্গে—নিজের অন্তর্জগৎটা যদি সুন্দর থাকে, যদি আনন্দে আর শান্তিতে থাকে, তাহলে এই সবগুলো কেমন যেন ধুলোর মতো মিলিয়ে যায়। তাই আমাকে একদম স্পর্শ করে না আর এগুলো। অনেকগুলি কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে আজ আমি এতে উপলব্ধ হয়েছি। তোমাকে অনেক ভালবাসা, দেখা হবে।”