অভিষেকের মুখে এমন আজব আবদার শুনে কী করেছিলেন নায়িকা?

অভিষেক বচ্চন
শেষ আপডেট: 5 October 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রেমের গুঞ্জন থেকে বর্তমানে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের গুঞ্জন, অভিষেক বচ্চন সবসময়ই লাইমলাইটে। একসময় করিশ্মা কাপুর বা রানি মুখার্জির সঙ্গে তাঁর নাম জড়ালেও, শেষ পর্যন্ত তিনি মালা পরিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চনকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক তাঁর ছোটবেলার এক অত্যন্ত মজার এবং আজব আবদারের কথা প্রকাশ করেছেন, যা শুনে সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান হেসে কুপোকাত হয়েছিলেন।
ঘটনাটি ১৯৮২ সালের। তখন অমিতাভ বচ্চন ও জিনাত আমান জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন। সেই সময় 'মহান' ছবির শুটিং চলছিল কাঠমান্ডুতে। আউটডোর শুটিং হওয়ায় অমিতাভের সঙ্গী হয়েছিলেন ছোট্ট অভিষেক বচ্চন, যাঁর ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল প্রবল আগ্রহ।
সেদিনের মতো শুটিং শেষ হওয়ার পর, গভীর রাত পর্যন্ত হোটেলের একটি রুমে ছবির টিমের আড্ডা চলছিল। সেখানে সোফার এক কোণায় বসে ছিলেন অভিষেক। রাত বাড়তেই যখন জিনাত আমান নিজের রুমের দিকে যেতে ওঠেন, ঠিক তখনই ছোট্ট অভিষেক তাঁর হাত ধরে টেনে নেন।
এরপরই সটান প্রশ্ন, "তুমি কোথায় যাচ্ছ?" জিনাত জানান যে তিনি ঘুমোতে যাচ্ছেন। সেই মুহূর্তে জুনিয়র বচ্চনের মুখে বেরিয়ে আসে সেই আজব আবদার। অভিষেক জিনাতকে সোজা বলেন, "তুমি আমার সঙ্গে শুয়ে পড়ো আজকে!"
ছোট্ট অভিষেকের মুখে এমন কথা শুনে অভিনেত্রী জিনাত আমান হেসে কুপোকাত হয়ে যান। তিনি জুনিয়র বচ্চনের গাল টিপে মজার ছলে জানান, "তুমি আগে বড় হও, তারপর!" বহু বছর পর, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মজার ঘটনাটি প্রকাশ্যে আনলেন স্বয়ং অভিষেক বচ্চন।