একেবারে মিথ্যে নয়। সত্যি জুনিয়র বচ্চন নিরুদ্দেশ হয়েছেন। শুধু কি নিঁখোজ পত্রের মারফত তা পোস্টও করেেছন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন—

অভিষেক
শেষ আপডেট: 21 June 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: একেবারে মিথ্যে নয়। সত্যি জুনিয়র বচ্চন নিরুদ্দেশ হয়েছেন। শুধু কি নিঁখোজ পত্রের মারফত তা পোস্টও করেেছন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন—
‘আমি একবার হারিয়ে যেতে চাই,
ভিড়ের মধ্যে নিজেকে খুঁজে পেতে চাই।
যা কিছু ছিল,
সব দিয়ে দিয়েছি আপনজনদের,
এবার সামান্য সময়,
শুধু নিজের জন্য চাই।’
তবে অভিষেক নন, তাঁর অভিনীত চরিত্র ‘কালিধর’ নিরুদ্দেশ! যদি ভাবেন কোথায় তাঁকে পাওয়া যাবে, তাহলে তিনি থাকতে চলেছেন আগামী ছবি ‘কালিধর লাপাতা’য়!
অনেক দিনের জল্পনার অবসান ঘটিয়ে অভিষেক নিজেই জানিয়ে দিয়েছেন, ছবিটি ৪ জুলাই, ২০২৫-এ এক্সক্লুসিভলি স্ট্রিম হবে ZEE5-এ। ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট-লুক পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, “চর্চার উপর এবার ফুলস্টপ! কখনও কখনও পথ হারানোটাই হলো আসল গল্পের শুরু... স্বপ্ন, বাঁক আর এমন মানুষের খোঁজ এখানে, যাঁরা জীবনের সঠিক অর্থ খুঁজতে সাহায্য করে।’
মধুমিতা পরিচালিত এই ছবির গল্প খুবই সাদামাটা আর মর্মস্পর্শী। কাহিনী আবর্তিত হয়েছে ‘কালিধর’-কে কেন্দ্র করে, এক বৃদ্ধ ব্যক্তি যিনি বুঝতে পারেন পরিবার তাঁকে ত্যাগ করার পরিকল্পনা করছে। বাড়ির বাঁধন কেটে পালিয়ে যাওয়ার পর তিনি দেখা পান ‘বল্লু’ নামের এক কিশোর অনাথের। দু’জনের অদ্ভুত এই সঙ্গীযাত্রা তাদের জীবনে নিয়ে আসে হাসির খোরাক, গভীর ভাবনাশীল মুহূর্ত আর অজানাকে খুঁজে পাওয়ার সাহস। গ্রামীণ ভারতের ক্যানভাসে গড়া এই গল্পটি একাকিত্ব, আশা আর মানুষের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়ার কাহিনী।

মধুমিতা পরিচালিত এই ছবিতে অভিষেকের পাশাপাশি দেখা যাবে দৈবিক ভাগেলা আর মোহাম্মদ জিশান আইয়ুবকেও। এমমে এন্টারটেনমেন্ট আর জি স্টুডিওজের যৌথ প্রযোজনায় বানানো এই ছবি সহজ আর আবেগময় কাহিনী দিয়ে দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।
ZEE5 এর আগের সফল অরিজিনাল আর পারিবারিক কন্টেন্টের মতোই ‘কালিধর লাপাতা’ও দর্শকদের মনে দাগ কেটে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ছবিটি শুধু হিন্দিতেই নয়, সাবটাইটেল এবং আঞ্চলিক ভাষার ডাবিং-এও স্ট্রিমিং হবে।
এছাড়াও, ‘হাউসফুল ৫’ এবং ‘শুটআউট অ্যাট বাইকুলা’-র মতো সিনেমার পর অভিষেক বচ্চনের এটি আরেকটি সুন্দর আর শান্তিপূর্ণ কাজ হিসেবে আত্মপ্রকাশ করবে। পাশাপাশি তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে ‘দ্য বিগ বুল ২’, ‘কিং’, রেমো ডিসুজা পরিচালিত ডান্স ফিল্ম এবং সম্ভবত ‘ধুম ৪’-এও!
শুধুমাত্র তা-ই নয়, অভিষেক খুব শীঘ্রই ‘রাজা শিবাজী’ ছবিতে অংশ নিচ্ছেন, যেখানে শিবাজীর ভূমিকায় থাকছেন রীতেশ দেশমুখ এবং সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, মহেশ মঞ্জরেকর, শচীন খেডেকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, যতীন্দ্র যোশী ও অমল গুপ্তে। ‘কালিধর লাপাতা’ এমন এক গল্প, যা প্রতিটি মানুষের মনে শান্তির ছোঁয়া আর আত্ম-আবিষ্কারের আগমনী সুর শোনাবে।