স্বাধীনতা দিবসের আগে সেনা জওয়ানদের সঙ্গে ‘সিতারে জমিন পর’ উপভোগ করলেন আমির খান।

‘সিতারে জমিন পর’
শেষ আপডেট: 14 August 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার পর থেকেই আমির খানের ‘সিতারে জমিন পর’ যেন বড়পর্দায় এক জাদু ছড়িয়েছে। সমালোচক থেকে দর্শক, সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ছবিটিকে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবার সেনা জওয়ানদের সঙ্গে ছবিটি উপভোগ করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ নিজে। সেই মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যা দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
প্রথম থেকেই ওটিটিতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন আমির। এই কারণে নানারকম সমালোচনার মুখে পড়লেও, তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন—দর্শকদের হলে টেনে আনার জন্যই এই পদক্ষেপ। অনেকে তাঁর এই সিদ্ধান্তের প্রশংসাও করেছেন।
কথা মতো, ওটিটির বদলে তাঁর প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলেই এসেছে ছবিটি। সেখানে ১০০ টাকা পে-পার-ভিউ হিসেবে দেখা যাচ্ছে ‘সিতারে জমিন পর’।
৮০ কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবি মুক্তির মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ছুঁয়েছিল ১০০ কোটির বক্স অফিস কালেকশন। ২০০৭ সালের কালজয়ী ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল এই স্পোর্টস ড্রামায় আমিরকে দেখা গিয়েছে একজন বাস্কেটবল কোচের চরিত্রে। ছবিতে রয়েছেন জেনেলিয়া ডিসুজাও।