
শেষ আপডেট: 3 October 2023 16:23
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় একসঙ্গে সিনেমা করতে রাজি হননি শুধুমাত্র ক্যামেরার সামনে মার খাবেন না বলে। তবে জীবন গিয়েছে চলে তাঁদের ৩০ বছর পার। আর সেই ৩০ বছর পুরনো কথা ভুলে অবশেষে একে অপরের সঙ্গে হাত মেলালেন বলিউডের দুই সুপারস্টার। প্রথমজন আমির খান, আর দ্বিতীয়জন সানি দেওল। এতবছর যাঁদের প্রায় মুখ দেখাদেখি ছিল না বললেই চলে, এবার তাঁরাই একসঙ্গে ছবি বানাতে চলেছেন। তবে একজন ক্যামেরার সামনে, আর একজন পিছনে।
‘গদর ২’ দিয়ে দুর্দান্ত কামব্যাকের পর সানি দেওল এমনই একটা প্রোজেক্টের অপেক্ষায় ছিলেন, যা আবার তাঁকে সাফল্যের মুখ দেখাতে পারে। পরিচালক রাজকুমার সন্তোষী তেমনই একটি সিনেমা বানাতে চলেছেন সানিকে নিয়ে। ছবির নাম ‘লাহোর ১৯৪৭’। আর এই সিনেমাটিই প্রযোজনা করবেন আমির খান। ছবির নাম দেখেই বোঝা যাচ্ছে, ‘গদর’ এবং ‘গদর ২’-এর মতো এই ছবির গল্পও দেশভাগের প্রেক্ষাপট নিয়েই। আজ আমিরের প্রযোজনা সংস্থা সরকারিভাবে এই ছবির কথা ঘোষণা করেছে।
২০২২ সালে মুক্তি পাওয়া শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে রয়েছেন আমির। সাময়িকভাবে অবসর নেওয়ার কথাও জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে। তবে সম্প্রতি শোনা গিয়েছিল, রাজকুমার সন্তোষীর সঙ্গে তিনি সিনেমা করতে চলেছেন। এই খবর প্রকাশ্যে আসার পর অভিনেতার ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর নতুন ছবির ঘোষণার অপেক্ষায় ছিলেন তাঁরা। আজ সেই ছবির ঘোষণা হলেও দেখা গেল আমির অভিনয়ে এখনই ফিরছেন না।
প্রযোজক আমিরের ট্র্যাক রেকর্ড বেশ প্রশংসনীয়। তিনি এমন বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন, যা সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। ‘ধোবি ঘাট’, ‘পিপলি লাইভ’, ‘সিক্রেট সুপারস্টার’-সহ একাধিক ছবি তাঁর প্রযোজনা সংস্থা উপহার দিয়েছে সিনেমাপ্রেমীদের। তাই ‘লাহোর ১৯৪৭’ সিনেমা নিয়েও সমালোচকরা আশাবাদী। এদিন নতুন ছবির ঘোষণা করে সেখানে আমির বলেছেন, আমি, আর আমির খান প্রোডাকশনের প্রত্যেক সদস্য দারুণ উত্তেজিত। আমাদের আগামী ছবির নায়ক সানি দেওল, পরিচালনায় রাজ কুমার সন্তোষী। ছবির নাম ‘লাহোর ১৯৪৭’।