দেশপ্রেম যেন এক আগুন। আর তাতে এক নতুন প্রজন্মের মুখ এখন স্পষ্টতই জ্বলছে। ‘বর্ডার ২’-এর সাম্প্রতিক পোস্টার সেই অগ্নিস্ফুলিঙ্গকেই উসকে দিল।

বরুণ ধাওয়ান।
শেষ আপডেট: 5 November 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: দেশপ্রেম যেন এক আগুন। আর তাতে এক নতুন প্রজন্মের মুখ এখন স্পষ্টতই জ্বলছে। ‘বর্ডার ২’-এর সাম্প্রতিক পোস্টার সেই অগ্নিস্ফুলিঙ্গকেই উসকে দিল। বরুণ ধাওয়ান, একেবারে অন্য চেহারায়, এক যোদ্ধার কঠিন বাস্তবতায় নিজেকে তুলে ধরলেন। দেশের সবচেয়ে আইকনিক যুদ্ধচিত্রের এই সিকুয়েল মুক্তি পাচ্ছে আগামী ২৩ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে।
সানি দেওলের প্রথম পোস্টার প্রকাশের পরই দর্শক-উত্তেজনার ঢেউ বয়ে গিয়েছিল সর্বত্র। এবার ছবি নির্মাতারা, টি-সিরিজ ও জে.পি. ফিল্মস, উন্মোচন করল বরুণ ধাওয়ানের বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক। সেই ছবিই দেশপ্রেমের এক নতুন উপমা তুলে ধরল, এক নতুন প্রজন্মকে আহ্বান জানাল।
পোস্টারে বরুণকে দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, হাতে বন্দুক, চোখে দৃঢ়তা আর মুখে এক সৈনিকের অভেদ্য অভিব্যক্তি। ক্যামেরার লেন্সে ধরা পড়েছে এক অনমনীয় সেনার প্রতিচ্ছবি—যে শুধুমাত্র শত্রুর সঙ্গে নয় যুদ্ধে নয়, নিজের যাবতীয় সীমাবদ্ধতার বিরুদ্ধেও। পোশাকের গাম্ভীর্যে মোড়া, বরুণের এই দৃঢ় মুখাবয়ব যেন বর্ডার ২-এর মর্মস্পর্শী শক্তিরই প্রতিফলন। আবেগ, দেশপ্রেম আর আত্মত্যাগ মিলেমিশে একাকার।

শুধুমাত্র পোস্টার নয়—এ যেন এক অনুভূতি। এক প্রজন্মের সাহস, ভ্রাতৃত্ব আর ত্যাগের উত্তরাধিকার এবার পৌঁছে যাচ্ছে পরবর্তী প্রজন্মের হাতে। বরুণ ধাওয়ানের এই প্রথম লুকই যেন ইঙ্গিত দিচ্ছে, ‘বর্ডার ২’ হবে ২০২৬ সালের অন্যতম বৃহত্তম সিনেম্যাটিক অভিজ্ঞতা—যেখানে দেশপ্রেমই প্রথম এবং অন্তিম ‘ফ্যাক্টর’।
ছবিটি পরিচালনা করছেন অনুরাগ সিং। বরুণ ছাড়াও ছবিতে রয়েছেন সানি দেওল, দিলজিত দোসাঞ্জ, আহান শেট্টি, মেধা রাণা, মোনা সিং ও সোনম বাজওয়া। প্রযোজনায় ভূষণ কুমার, জে.পি. দত্ত ও নিধি দত্ত।
‘বর্ডার ২’র উপস্থাপনায় রয়েছে গুলশন কুমার ও টি-সিরিজ, সহযোগিতায় জে.পি. ফিল্মস। প্রযোজনা দলের হাল ধরেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, জে.পি. দত্ত ও নিধি দত্ত। এই ছবি শুধুমাত্র যুদ্ধের কাহিনি নয়—এ এক অমর শ্রদ্ধার্ঘ্য ভারতের সেই বীরদের প্রতি, যারা সীমান্তের ধুলোয় রেখে গিয়েছিলেন নিজেদের অদম্য সাহসের ছাপ।
দেশপ্রেম, আত্মত্যাগ আর ঐক্যের এই বিস্ময়কর উপাখ্যান নিয়ে ২৩ জানুয়ারি ২০২৬-এ ঝড় তুলতে আসছে ‘বর্ডার ২’।