দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান। এই নামটাই যথেষ্ট। আলাদা করে তাঁর কোনও পরিচয় দিতে হয় না সাধারণ মানুষের কাছে। নয় থেকে নব্বই, সবার হৃদয়ে বিরাজ করছেন বলিউের বাদশা। বহু নতুন নায়ক বলিউডের প্রথম সারিতে উঠে এলেও শাহরুখের ক্রেজ কিন্তু একচুলও হেরফের হয়নি ফ্যানদের কাছে।
এসআরকে কী পছন্দ করেন, কী পছন্দ করেন না তাই নিয়ে প্রচুর কৌতূহল ফ্যানেদের মনে। ভক্তদের কোনও দিন নিরাশ করেননি কিং খান। ফ্যানেদের আবদার মেটানোর চেষ্টা তিনি বারবারই করেছেন।
এবার তেমনই এক কৌতূহলের উত্তরে তিনি জানালেন, বাকি জীবনে যে তিনটি খাবার পেলেই তাঁর চলে যাবে, সেগুলির নাম। শাহরুখ খান যে খেতে ভালবাসেন তা আমরা প্রায় সকলেই জানি। এমনকি ছেলেমেয়েদের আবদারে, বিশেষত সুহানার আবদারে বাবা কিং খান কিন্তু রান্নাঘরে পর্যন্ত ঢুকেছেন এর আগে। আবদার মেটাতে রান্না করেছেন ইতালিয়ান খাবার।
সম্প্রতি টুইটারে শাহরুখ খানকে এক ভক্ত জিজ্ঞেস করেন, "আপনাকে যদি বাকি জীবনের জন্যে মাত্র তিনটি খাবার বেছে নিতে হয়, তাহলে সেগুলো কী হবে?" প্রিয় হিরো এর উত্তরে জানান যে শুধু ডাল ভাত আর পেঁয়াজ পেলেই তিনি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবেন। অনেকেই বলছেন, তাঁর এই উত্তর থেকেই বোঝা যায় তিনি কতটা বড় মনের মানুষ। যাঁর অর্থের অভাব নেই কিন্তু অর্থের দম্ভও নেই। মাটিয়ে পা রেখে, সাধারণ জীবন যাপনকেই তিনি জীবনে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন।
আবার অন্য আর একজন ভক্ত টুইট করে তাঁকে জিজ্ঞাসা করেন যে তিনি রান্না করতে জানেন কি না! এর উত্তরে শাহরুখ মজা করে বলেন 'নমক কিতনা ডালনা হ্যায়' এই নিয়েই আপাতত লড়াই চলছে রান্নাঘরে।