করিম চৌধুরী না কানাইয়ালাল— কাকে বেছে নেবে দল, তা নিয়ে তুমুল আলোচনা ছিল রাজনৈতিক মহলে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায়।

আব্দুল করিম চৌধুরী
শেষ আপডেট: 18 March 2026 11:27
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেল। ইসলামপুরের প্রাক্তন বিধায়ক আব্দুল করিম চৌধুরীর (Abdul Karim Choudhury) বাড়ির উঠোনে তখন উৎসবের প্রস্তুতি চলছে। হাতে সবুজ আবির, মুখে হাসি—অনুগামীরা ধরে নিয়েছিলেন, বহু বছরের অভিজ্ঞ নেতাই আবার দলের ভরসা হবেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই আশার জায়গা জুড়ে বসল নীরবতা।
দলীয় প্রার্থী (TMC Candidate list 2026) তালিকা প্রকাশ হতেই চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। জানা যায়, ইসলামপুরে এবার দলের মুখ হচ্ছেন উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। খবর পৌঁছতেই করিম চৌধুরীর বাড়িতে জমে থাকা ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হয়ে যায়। মুহূর্তের মধ্যে উৎসবের আবহ মিলিয়ে গিয়ে তৈরি হয় হতাশার পরিবেশ।
গত কয়েক মাস ধরেই ইসলামপুর কেন্দ্র ঘিরে জল্পনা চলছিল। করিম চৌধুরী না কানাইয়ালাল— কাকে বেছে নেবে দল, তা নিয়ে তুমুল আলোচনা ছিল রাজনৈতিক মহলে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায়।
অন্যদিকে, প্রার্থী ঘোষণার পর কানাইয়ালাল আগরওয়ালের বাড়িতে উল্টো ছবি। সমর্থক ও কর্মীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে তাঁর বাসভবন। পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনের শক্তিকে হাতিয়ার করে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন।
কানাইয়ালালের রাজনৈতিক যাত্রাও কম চড়াই-উতরাইয়ের নয়। একসময় কংগ্রেসের হয়ে লড়াই করে ইসলামপুরে জয় পেয়েছিলেন তিনি। পরে তৃণমূলে যোগ দিয়ে লোকসভা ও বিধানসভা—দু’টি নির্বাচনে লড়েছেন। যদিও সবক্ষেত্রে সাফল্য আসেনি, তবু সংগঠনে তাঁর গুরুত্ব ক্রমেই বেড়েছে। বর্তমানে জেলা সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি আবারও তাঁকে বিধানসভা ভোটে নামানো হল।

এদিকে, করিম চৌধুরীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্যও নতুন করে আলোচনায় উঠে এসেছে। প্রার্থী ঘোষণার পর করিম চৌধুরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর অনুগামীদের একাংশের মধ্যে ক্ষোভ স্পষ্ট। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন দলের পাশে থাকা একজন প্রবীণ নেতাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।
এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে করিম চৌধুরী ভবিষ্যতে কী অবস্থান নেবেন? তাঁর সমর্থকদের ক্ষোভ দলীয় সংগঠনে প্রভাব ফেলবে কি না—তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে ইসলামপুরের রাজনৈতিক মহলে। করিমের ঘনিষ্ঠ এক নেতা মঙ্গলবার রাতেই জানিয়েছে, আব্দুল করিম চৌধুরী হাত গুটিয়ে বসে থাকবেন না। তৃণমূল ছেড়ে নতুন দল গড়া হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।