ইউপিএসসি-র তরফে এখনই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না হলেও সম্ভাবনা প্রবল, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালই প্রকাশিত হতে পারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) প্রিলিমস ২০২৫-এর ফলাফল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 June 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি ধাপে বসেছিলেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। আর সেই ফল প্রকাশের প্রতীক্ষা শেষ হতে চলেছে খুব শিগগিরই। ইউপিএসসি-র তরফে এখনই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না হলেও সম্ভাবনা প্রবল, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালই প্রকাশিত হতে পারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) প্রিলিমস ২০২৫-এর ফলাফল।
কোথা থেকে দেখবেন রেজাল্ট?
কমিশনের দুটি সরকারি ওয়েবসাইট upsc.gov.in এবং upsconline.nic.in থেকে ফল দেখা যাবে। পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হবে এই ফল, যাতে থাকবে প্রিলিমস উত্তীর্ণ পরীক্ষার্থীদের নাম ও রোল নম্বর।
এ বছর ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে মোট ৯৭৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। ২৫ মে দেশজুড়ে দুই শিফটে নেওয়া হয়েছিল এই প্রিলিমিনারি পরীক্ষা। মোট দুইটি পেপার ছিল, জেনারেল স্টাডিজ পেপার ওয়ান এবং জেনারেল স্টাডিজ পেপার ২। প্রতিটি পেপারের সময়সীমা ছিল ২ ঘণ্টা। ইতিমধ্যেই কমিশনের তরফে প্রকাশিত হয়েছে পরীক্ষার প্রশ্নপত্রও।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ১ পেয়েছিলেন শক্তি দুবে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ছিল ১০৪৩। যার মধ্যে ৮৪৩ নম্বর লিখিত পরীক্ষায় এবং ২০০ নম্বর ছিল ইন্টারভিউতে। দ্বিতীয় স্থানে ছিলেন হর্ষিতা গোয়েল (১০৩৮ নম্বর) এবং তৃতীয় স্থানে অর্জিত পরাগ (১০৩৮ নম্বর)।
চলতি বছরের প্রিলিমসের ফল প্রকাশের পর কমিশন চূড়ান্ত ফলাফলের দিন নির্ধারণ করবে। তখনই প্রকাশ পাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ণাঙ্গ নম্বর তালিকাও।
আর স্বভাবতই ফল প্রকাশের পর মেইনস পরীক্ষার প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বেন প্রার্থীরা। ইউপিএসসি-র তরফে জানানো হয়েছে, শুধুমাত্র প্রিলিমস উত্তীর্ণরাই মেইনস পরীক্ষায় বসতে পারবেন।