
প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 April 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: আইসিএসই ও আইএসসি ২০২৫ পরীক্ষায় বাংলার মুখ ঊজ্জ্বল করল পড়ুয়ারা। দুই পরীক্ষাতেই প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার একই স্কুলের দুই পড়ুয়া (ICSE and ISC 2025 Topper from North 24 Parganas)!
আইএসসি-তে প্রথম সোদপুর সেন্ট জেভিয়ার্সের ছাত্র কার্তিক দাস। ৪০০-তে সে পেয়েছে ৩৯৯। নিজের এই ফলাফল নিয়ে খুশি কার্তিক। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছে। ছেলের এই সাফল্য গর্বিত বাবা-মা-ও। আগামী দিনে আইআইটি-তে যেতে চান কার্তিক। ছোট থেকেই দেশের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে তার। তবে সব সময় পড়াশোনা নয়, সিলেবাসের বাইরে অন্য বিষয় নিয়েও নিয়মিত চর্চা করে কার্তিক।
একই স্কুল থেকে আইসিএসইতে প্রথম হয়েছে আদিত্য তিওয়ারি। ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯। পরীক্ষায় সাফল্য অর্জন করাই তার একমাত্র লক্ষ্য ছিল। অবশেষে স্বপ্নপূরণ হল। এবার ইউপিএসসি দিয়ে বড় অফিসার হতে চান আদিত্য।
চলতি বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষায় বাংলায় পাশের নিরিখে এগিয়ে মেয়েরা। রাজ্য থেকে আইএসসি-তে প্রথম কলকাতার মেয়ে সৃজনী। তাঁর প্রাপ্ত নম্বর ৪০০-তে ৪০০। রিজেন্ট পার্কের ফিউচার ফাউন্ডেশন স্কুলের পড়ুয়া সৃজনী। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি- চারটি বিষয়েই ফুল মার্কস পেয়েছে সে। পরীক্ষায় ভাল ফল করবে, এমনই আশা ছিল সৃজনীর। তবে সব বিষয়ে ফুল মার্কস কখনওই ভাবতে পারেনি পড়ুয়া।
আইসিএসই এবং আইএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'যেসকল পরীক্ষার্থীরা পাশ করেছেন তাদের অনেক শুভেচ্ছা। আগামী দিনে তোমাদের সকলের সাফল্য কামনা করি। আজকের এই বিশেষ দিনে সকল পরীক্ষার্থীদের বাবা-মা, অভিভাবক, শিক্ষকদেরও অভিনন্দন জানাচ্ছি।'
চলতি বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষায় বাংলায় পাশের হার ৯৮.৭৬ শতাংশ। তাদের মধ্যে ছাত্রী ও ছাত্রদের পাশের হার যথাক্রমে ৯৯.০৪ এবং ৯৮.৫৩ শতাংশ। আইএসসি বা দশম শ্রেণির পরীক্ষায় ছেলেদের পাশের হার ৯৮.৫৩ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৯৮.২০ শতাংশ। দুটি পরীক্ষাতেই বাংলায় ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা।