রবিবার দুবাইতে ভারত–পাক সুপার ফোর ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন পাইক্রফট। যা পাক ব্রিগেডের ক্ষোভ দ্বিগুণ করেছে। হেসনের সঙ্গে নকভির আলোচনায় এই প্রসঙ্গই এসেছে কি না, তা নিয়েই আপাতত জল্পনা তুঙ্গে।

মহসিন নকভি
শেষ আপডেট: 21 September 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে একের পর এক নাটক। এবার সেই বিতর্কের আঁচ আরও বাড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। শনিবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে (ICC Cricket Academy, Dubai) দলের অনুশীলনে হাজির হন তিনি। সলমন আঘাদের (Salman Agha) দল তখন সুপার ফোরের (Super 4s) ভারত ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। নকভির আগমনই চমক। তাঁর সঙ্গে পাকিস্তানের হেড কোচ মাইক হেসনের (Mike Hesson) লম্বা আলোচনাও নজরে আসে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা যদিও এখনই জানা যায়নি।
যদিও আসল চমক সামনে আসে সাংবাদিকদের প্রশ্নে। পাকিস্তান কেন ভারত ম্যাচের আগে বাধ্যতামূলক প্রেস কনফারেন্স বাতিল করল—প্রশ্ন উঠতেই নকভির ছোট্ট জবাব, ‘শিগগিরই বলব!’ আর এই এক লাইনের উত্তরই ঘনিয়ে তোলে নয়া রহস্য। ইঙ্গিত স্পষ্ট: হয়তো রবিবার ভারত ম্যাচের দিনই এ বিষয়ে বোর্ড সভাপতির মুখ থেকে আসতে পারে নতুন কোনও ঘোষণা!
প্রসঙ্গত, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাক দলের এক ক্রিকেটার বা কোচিং স্টাফের সাংবাদিক বৈঠকে আসার কথা ছিল। একই সময় নির্ধারিত তিন ঘণ্টার অনুশীলন। কিন্তু শেষ মুহূর্তে প্রেস কনফারেন্স পুরোপুরি বাতিল হলেও ট্রেনিং ঘোষিত সময়েই হয়েছে। কেন এমন সিদ্ধান্ত—তা নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত। দুটোর মধ্যে একটা বেছে নিতে হত। ফলে গণ্ডগোলের সুযোগ কম। কিন্তু যেহেতু এটা একদিনের ঘটনা নয়, এর আগেও ঠিক একই কাণ্ড ঘটিয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহির (UAE) ম্যাচের আগে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে আসেনি, তার জেরেই প্রবল হয়েছে বিতর্ক। তখন অজুহাত ছিল ‘হ্যান্ডশেক’। এবার?
মনে করিয়ে দেওয়া যাক, ১৪ সেপ্টেম্বর ভারত–পাক ম্যাচে টসের সময় দুই অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও সলমন আঘা হাত মেলাননি। পাকিস্তানের দাবি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft) নাকি ইচ্ছে করেই সেই করমর্দন আটকেছিলেন। এরপরই পাইক্রফটকে সরানোর দাবি তোলে পিসিবি। এমনকী আমিরশাহি ম্যাচের আগেও তাঁকে বয়কটের হুমকি দেয় তারা। যদিও শেষ পর্যন্ত মাঠে নামতে বাধ্য হন সলমন আঘারা।
এর মধ্যেই নতুন মোড়। রবিবার দুবাইতে ভারত–পাক সুপার ফোর ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন পাইক্রফট। যা পাক ব্রিগেডের ক্ষোভ দ্বিগুণ করেছে। হেসনের সঙ্গে নকভির আলোচনায় এই প্রসঙ্গই এসেছে কি না, তা নিয়েই আপাতত জল্পনা তুঙ্গে।