
দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পন্থ
শেষ আপডেট: 12 October 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল টুর্নামেন্টের নয়া মরশুম শুরু হওয়ার আগে একটা মেগা অকশন আয়োজন করা হবে। এই নিলাম অনুষ্ঠানে বেশ কয়েকজন ক্রিকেটার দল বদল করতে পারেন। পাশাপাশি বেশ কয়েকটি দলের অধিনায়কও বদলে যেতে পারে।
ইতিমধ্যে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, আগামী মরশুমে দিল্লি ক্যাপিটালস দলের হাত ছাড়তে পারেন ঋষভ পন্থ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিলাম অনুষ্ঠান নিয়ে একটি পোস্ট করেছেন ঋষভ। এই পোস্ট নিয়ে সকলেই অবাক হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঋষভ যদি দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেন তাহলে পরবর্তী অধিনায়ক কে হবেন? এই তালিকায় ২ ক্রিকেটারের নাম সবার উপরে রয়েছে।
সম্প্রতি ঋষভ পন্থ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে পন্থ লিখেছেন, 'যদি তিনি নিলামে অংশগ্রহণ করেন, তাহলে আদৌ তাঁর উপর কোনও দাঁও লাগবে?' ২০২৫ আইপিএল নিলামের আগে এই পোস্টটি নিয়ে রীতিমতো জলঘোলা শুরু হয়েছে।
If go to the auction. will I be sold or not and for how much ??
— Rishabh Pant (@RishabhPant17) October 11, 2024
পন্থের পর এই ২ ক্রিকেটার হতে পারেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক
তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালস দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আশা করা হচ্ছে, মেগা অকশনে ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিটেন করতে পারে। এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস দলের নয়া অধিনায়ক তাঁকেই করা হতে পারে। এখনও পর্যন্ত অক্ষর অধিনায়কত্ব করেননি। কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। গত কয়েক বছর ধরেই দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলছেন অক্ষর প্যাটেল। এই পরিস্থিতিতে পন্থের পর ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে বাছতেই পারেন।
অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক মিচেল মার্শ দিল্লি ক্যাপিটালসের কাছে পন্থের পর দ্বিতীয় বিকল্প হতে পারেন। মার্শের কাছে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। সেকারণে ফ্র্যাঞ্চাইজি তাঁর উপরে ভরসা রাখতে পারে। যদিও গত আইপিএল মরশুমে মার্শ ততটাও নজর কাড়তে পারেননি। কিন্তু, বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মার্শ দুর্দান্ত ব্যাটিং করেছেন।