হেসন টাল সামলে মেপেজুপে যে উত্তর দিলেন, তাতে উত্তেজনার আঁচ কমেছে ঠিকই। কিন্তু প্রশ্নটা যেভাবে তিরের মতো ছুটে এসেছিল, তাতে বোঝাই যায়—বাবর–রিজওয়ান ইস্যু এখনও পাকিস্তানি সংবাদমাধ্যমের অন্দরমহলে জ্বলন্ত বিতর্ক!

মাইক হেসন
শেষ আপডেট: 12 September 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) ওমানের (Oman) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে হাজির হন পাকিস্তান দলের কোচ মাইক হেসন (Mike Hesson)। সহজে জিতবেন সলমন আঘার দল—এমনটাই যখন দস্তুর, তখন সাংবাদিক সম্মেলনও নির্বিষ, নিস্তরঙ্গ হওয়ার কথা ছিল।
কিন্তু হেসনের কপাল মন্দ। কারণ কনফারেন্সে হাজির ছিলেন ডাকাবুকো সাংবাদিক। যিনি বাবর আজম (Babar Azam) আর মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) বাদ দেওয়া নিয়ে অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেন বেমক্কা। যা সামলাতে দৃশ্যত ভ্যাবাচাকা পাক কোচ!
সওয়াল ছিল স্পষ্ট। সাংবাদিক জানতে চান, ‘আপনি খোলাখুলি বাবর আর রিজওয়ানের দুর্বলতা নিয়ে কথা বলেছেন। আজকাল কোচেরা সাধারণত এমনটা করেন না। আপনি এত সাহস পেলেন কোত্থেকে?’
প্রশ্ন কানে আসতেই প্রথমে খানিকটা বিস্মিত হেসন। উত্তর দেওয়ার আগে ফের সওয়াল শোনার অনুরোধ রাখেন। সাংবাদিক নরম সুরে আবারও জিজ্ঞেস করেন, ‘আপনি তো প্রেস কনফারেন্সে বাবরের স্ট্রাইক রেট আর রিজওয়ানের খেলায় সীমাবদ্ধতা নিয়ে সরাসরি বলেছেন। এটা প্রকাশ্যে কীভাবে বললেন?’
এবার আর পালানোর পথ ছিল না। জবাবে মেপে মেপে শব্দ বাছলেন হেসন। মোদ্দা বক্তব্য, সততার কোনও বিকল্প নেই। বললেন, ‘খেলোয়াড়দের নিয়ে মূল্যায়ন সৎভাবে করা খুব জরুরি। এর পিছনে কোনও ব্যক্তিগত উদ্দেশ্য থাকা চলবে না। আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যানদের কী ধরনের স্ট্রাইক রেট দরকার, আমি সেটা তুলে ধরেছি মাত্র। কারও দুর্বলতা নিয়ে কটাক্ষ করিনি। খেলোয়াড়রাও কোচের কাছ থেকে চায় সৎ মূল্যায়ন। দায়িত্বশীল জায়গা থেকেই আমি কথাগুলো বলেছি!’
হেসন টাল সামলে মেপেজুপে যে উত্তর দিলেন, তাতে উত্তেজনার আঁচ কমেছে ঠিকই। কিন্তু প্রশ্নটা যেভাবে তিরের মতো ছুটে এসেছিল, তাতে বোঝাই যায়—বাবর–রিজওয়ান ইস্যু এখনও পাকিস্তানি সংবাদমাধ্যমের অন্দরমহলে জ্বলন্ত বিতর্ক!