গতরাতের এই প্রেম নিবেদনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মন-ভালো-করা একগুচ্ছ কমেন্টের ভিড়ে ফিচেল কেউ কেউ চিমটিও কেটেছে—‘এবার থেকে আইপিএলে (IPL 2026) প্রোপোজ করাটাই কি নিউ নর্ম্যাল হয়ে উঠতে চলেছে?’

ছবি: এআই নির্মিত
শেষ আপডেট: 30 March 2026 15:38
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, প্রেমে আর যুদ্ধে কোনও নিয়ম নেই৷ হয়তো সে কারণেই বিপুল সমারোহ আর ভরপুর আয়োজন নয়, ছকভাঙা স্টাইলে ওয়াংখেড়ের গ্যালারিতে (Wankhede Stadium) বান্ধবীকে প্রোপোজের পথ বেছে নিয়েছিলেন তরুণ প্রেমিক। সেটাও মুখে মুখে নয়, দস্তুরমতো হাঁটু মুড়ে আংটি বাড়িয়ে!
এ পর্যন্ত সবই ঠিক ছিল। ‘ঠিক’ বলতে আশপাশের সমর্থকদের উচ্ছ্বাস, হইহল্লা, চিলচিৎকার… জমেছিল ছক মেনে। প্রেমিকার বিস্ময়ের ঘোর যখন সবে আস্তে আস্তে দানা বাঁধছে, ‘ও বাবা, এবার আমি কী বলি'—গোছের দশাপ্রাপ্তি হব হব করছে… ঠিক তখনই অ্যান্টিক্লাইম্যাক্স! সব্বাইকে চমকে দিয়ে প্রেমিকপ্রবরের হাতে ধরা আংটি বাউন্ডারির ধারে রোহিতের (Rohit Sharma) ক্যাচ ফসকানোর মতো আচমকা ফুড়ুৎ! মানে স্ট্যান্ড গলিয়ে নীচে। কোন সিটে, কার ফাঁকে গুঁজে রয়েছে—খুঁজতে গিয়ে বাকিরা গলদধর্ম, প্রেমিকা হতবুদ্ধি, প্রেমিকের ত্রাহি মধুসূদন অবস্থা। এরপর হইহই বদলে গেল রইরই-তে৷ খেলা মাথায়। সক্কলে কোমর বেঁধে নেমে পড়ল আংটি-উদ্ধার-অভিযানে!
বিষয়টা এখানেই শেষ হতে পারত। কিন্তু ক্লাইম্যাক্স মিলনান্তক—হয়তো এটাই স্ক্রিপ্টেড ছিল। অত:পর বিস্তর ঘাম ঝরানোর পর হাতে এল আংটি৷ খানিক ধুলোমাখা? হাতঘুরে ঈষৎ মলিন? হলই বা! কপোত-কপোতী থোড়াই কেয়ার করেন৷ লক্ষ্য আসল, উপলক্ষ্য বাহুল্য। ঝেরেঝুরে সাফসুতরো আংটি প্রেমিক নিবেদন করলেন চিত্রনাট্য মেনে৷ মানে সেই হাঁটু মুড়ে, হাত বাড়িয়ে। ‘ফাউ’ হিসেবে জুড়ে গেল অপ্রস্তুত হাসিটুকু। ফ্লাডলাইটের আলোয় তা আরও ঝকঝকে, প্রাণময়, উজ্জ্বল… ঠিক রোহিতের (Rohit Sharma) স্কোয়ারকাটের মতো!
Shei Prothom Bhalobashar feeling 💜 pic.twitter.com/AtiWuB863m
— KolkataKnightRiders (@KKRiders) March 30, 2026
গতরাতের এই প্রেম নিবেদনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মন-ভালো-করা একগুচ্ছ কমেন্টের ভিড়ে ফিচেল কেউ কেউ চিমটিও কেটেছে—‘এবার থেকে আইপিএলে (IPL 2026) প্রোপোজ করাটাই কি নিউ নর্ম্যাল হয়ে উঠতে চলেছে?’