মরসুমের শুরুতেই বিশ্বকাপ-সন্ধানী রোহিত দেখালেন, তিনি এখনও একা হাতে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।

রোহিত শর্মা
শেষ আপডেট: 30 March 2026 10:49
দ্য ওয়াল ব্যুরো: বয়স ৩৮। তবু ব্যাটে সেই পুরনো ঝলক। আইপিএলের (IPL 2026) বড় ম্যাচে আবারও ‘হিটম্যান’ মুডে রোহিত শর্মা (Rohit Sharma)। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ৩৮ বলে ঝোড়ো ৭৮—ছ’টি ছক্কা, ছ’টি চার। সেঞ্চুরি না এলেও এই ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পাশাপাশি কাল রাতে ব্যক্তিগতভাবে খান দুই নজির গড়লেন রোহিত, ভাঙলেন বিরাট কোহলির (Virat Kohli) বহুদিনের রেকর্ডও।
২২০ তাড়া, শুরুতেই ঝড়
ম্যাচের চিত্রনাট্য বলছে, রান চেজ সহজ ছিল না। কেকেআর তুলেছিল ২২০/৪। বড় লক্ষ্য, চাপ স্পষ্ট। কিন্তু শুরুতেই রাশ নিজেদের হাতে তুলে নেয় মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের (Ryan Rickelton) ওপেনিং জুটিতে ওঠে ১৪৮ রান। কিউয়ি ব্যাটার ৪৩ বলে ৮১ করে ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। উলটো দিকে নিয়ন্ত্রিত আগ্রাসনে টোন সেট করে দেন রোহিত। রক্ষণ আর আক্রমণে বোলারদের লেংথ নষ্ট। ফলে রানরেট কখনও নাগালের বাইরে যায়নি। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই লক্ষ্য পেরিয়ে যায় মুম্বই।
কোহলিকে টপকে নতুন রেকর্ড
পাশাপাশি বিধ্বংসী ইনিংসে ইতিহাস লিখলেন রোহিত। আইপিএলের ইতিহাসে এক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান—এখন এই রেকর্ড তাঁর দখলে। কেকেআরের বিরুদ্ধে তাঁর মোট সংগ্রহ ১১৬১। এর আগে নজির ছিল বিরাট কোহলির—পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ১১৫৯ রান। তালিকায় তাঁর আরও দু’টি এন্ট্রি আছে। রয়েছেন ডেভিড ওয়ার্নারও (David Warner)। কিন্তু শীর্ষে আপাতত একজন—রোহিত শর্মা।
ধারাবাহিকতার নতুন মাইলফলক
গতরাতের লড়াইয়ে আরেকটি মাইলস্টোন ছুঁয়েছেন মুম্বইকর! আইপিএলে হাফসেঞ্চুরি বা তার বেশি স্কোরের সংখ্যা ৫০ ছাড়াল। এই ক্লাবে তিনি চতুর্থ। আগে রয়েছেন কোহলি (৭২), ওয়ার্নার (৬৬) ও শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দুটি নজিরই বুঝিয়ে দিচ্ছে, একদিনের ঝলক নয়—দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সে জাত প্রমাণ করেছেন রোহিত। মুম্বইয়ের হয়ে তিনি আগেই ছ’টি আইপিএল ট্রফি জিতেছেন। দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই।
পুরনো রোহিত, নতুন বার্তা
দাপুটে ইনিংস শুধু রেকর্ড ভাঙার গল্প নয়। একটা বার্তাও। গত কয়েক বছরে টি-২০ ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। স্ট্রাইক রেট, শুরুতে ধীরগতি—সমালোচনা জমছিল। কিন্তু মরসুমের শুরুতেই বিশ্বকাপ-সন্ধানী রোহিত দেখালেন, তিনি এখনও একা হাতে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।