নিলামে গ্রিনকে অলরাউন্ডার হিসেবে নয়, বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। পরে গ্রিন নিজে জানিয়ে দেন, ওটা ম্যানেজারের ভুল। তিনি বোলিং করতে পারেন। সেই বিতর্ক এখনও মেটেনি। উলটে কয়েক গুণ বেড়ে গেল।

নজরে ক্যামেরন গ্রিনের চুক্তি
শেষ আপডেট: 30 March 2026 10:22
দ্য ওয়াল ব্যুরো: গতরাতে ওয়াংখেড়ে ময়দানে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ২২০ রান করেও হেরেছে কেকেআর (Kolkata Knight Riders)। চেজ হয়ে গিয়েছে পাঁচ উইকেটে, পাঁচ বল বাকি থাকতে। নিঃসন্দেহে একপেশে পরাজয়। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন অন্যত্র—২৫ কোটি ২০ লক্ষ টাকায় কেনা অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green) কেন সংকটের মুহূর্তেও একটি বল করলেন না?
‘ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করুন’
ম্যাচের পর উপস্থাপক ইয়ান বিশপ এই সঙ্গত সওয়াল রাখলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) সামনে। যিনি দৃশ্যত হতাশ গলায় পাশ কাটিয়ে বলে উঠলেন, ‘প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে (Cricket Australia) করুন!’
এতটুকুই। অতিরিক্ত কিছু নয়। কিন্তু এই একটি বাক্যেই যা বোঝানোর বুঝিয়ে দিলেন তিনি। স্পষ্টত—গ্রিনকে বল না দেওয়ার সিদ্ধান্তটা কেকেআর ম্যানেজমেন্টের হাতে নেই। রিমোট কন্ট্রোল হাতে নিয়ন্ত্রণ করছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড! বিতর্ক উসকে রাহানে খানিক বাদে জুড়ে দেন, ‘গ্রিন বল করা শুরু করলে দলের সমীকরণ বদলে যাবে। এখন বোলিং বিভাগে ভারসাম্য খুঁজে পেতে কষ্ট হচ্ছে!’ সাদা বাংলায়: আমরা সংকটে। গ্রিন হাল ধরলে রেহাই পাব ঠিকই। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই।
ক্রিকেট অস্ট্রেলিয়ার জবাব
চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ক্রিকেট অস্ট্রেলিয়া সরাসরি রাহানের মন্তব্যের জবাব দিল। জানানো হল, গ্রিনের পিঠের নিচের অংশে চোট। তাই আপাতত বোলিং বন্ধ। ১০ থেকে ১২ দিনের মধ্যে সেরে উঠবেন বলে আশা করা যায়। গোটা বিষয়টি নিয়ে যে সমন্বয়ের অভাব নেই, নাইট কর্তৃপক্ষ যে এই ইস্যু নিয়ে ওয়াকিবহাল, তা ফাঁস করার ছলে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘কেকেআরকে আগেই জানানো হয়েছিল। দল সম্পূর্ণ অবগত!’ অর্থাৎ, রাহানের ‘ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করুন’ মন্তব্য খোদ অজি শিবিরের জবানিমতে সঠিক নয়, অন্তত বিভ্রান্তিকর তো বটেই।
হিসেব বলছে, গ্রিন অন্তত প্রথম চারটি ম্যাচে বোলিং করতে পারবেন না। সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি শুধু ব্যাটার হিসেবে মাঠে নামবেন। ৯ এপ্রিলের আশেপাশে ময়দানে হাত ঘোরাতে দেখা গেলেও যেতে পারে।
টাকা ফেরতের দাবি
গ্রিনকে নিশানা করে আগেই আক্রমণ শানিয়েছিলেন রবিচন্দ্র অশ্বিন। এবার সুরে সুর মেলালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra)। সরাসরি বললেন, ‘অলরাউন্ডারের জন্য টাকা দিয়ে শুধু ব্যাটার পেলে, ফেরত পাওয়ার দাবি তো উঠবেই!’ এক্সে করা পোস্টে তাঁর পরিষ্কার বক্তব্য—এটা কেকেআরের সঙ্গে তঞ্চকতা, অন্যায়।
উল্লেখ্য, নিলামে গ্রিনকে অলরাউন্ডার হিসেবে নয়, বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। পরে গ্রিন নিজে জানিয়ে দেন, ওটা ম্যানেজারের ভুল। তিনি বোলিং করতে পারেন। সেই বিতর্ক এখনও মেটেনি। উলটে কয়েক গুণ বেড়ে গেল।
বোলিং-সংকটে কেকেআর
বিশেষজ্ঞদের এক অংশ মনে করছে, গ্রিন বল করলেও কাল রাতে কেকেআর বিপদে পড়ত, আগামীতেও পড়বে। অন্যতম কারণ হর্ষিত রানা (Harshit Rana) ও মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) আহত। মুস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিতে হয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে প্রত্যেক বোলার ওভার প্রতি দশের বেশি রান বিলিয়েছেন। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ৪ ওভারে ৪৮, বৈভব অরোরা ৪ ওভারে ৫২, ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) ৩ ওভারে ৩৪… রেকর্ড রীতিমতো ভয়াবহ। যার ফায়দা তুলে ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও রায়ান রিকেলটন (Ryan Rickelton) ১২ ওভারে ১৪৮ রানের জুটি গড়ে দেন। ম্যাচ প্রথম দশ ওভারেই কার্যত শেষ!
২ এপ্রিল ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে পরের ম্যাচ। গ্রিন ছাড়া, আহত বোলারদের ছাড়া কেকেআর কতটা সামলাতে পারবে, প্রশ্নের জবাব মিলবে রাহানের পরবর্তী প্রেস কনফারেন্সে।