.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বাসিত আলি
শেষ আপডেট: 18 November 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। সেকারণে টিম ইন্ডিয়া আপাতত জোরকদমে অনুশীলন চালাচ্ছে। এমনকী, ভারতীয় ক্রিকেট দল ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলারও সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের এই সিদ্ধান্ত একেবারে পছন্দ হয়নি প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলির। তাঁর মতে, ভারতীয় ক্রিকেট দলের আত্মবিশ্বাসে ঘাটতি আছে বলেই তারা বন্ধ দরজার ওপারে অনুশীলন করছে।
তাঁর মতে, ভারতীয় ক্রিকেট দলের আরও বেশি করে প্র্যাকটিস ম্যাচ খেলা দরকার ছিল। এমনকী, বিরাট কোহলিকে তিনি বাঁ-হাতি পেসার বোলারের বিরুদ্ধে অনুশীলন করার পরামর্শ দেন। বাসিত আলি জানিয়েছেন, তিনি ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথের মধ্যে লড়াই দেখতে চান। উল্লেখ্য, ভারতের একাধিক ক্রিকেটার চোট পাওয়ার কারণে ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ বন্ধ করে দিতে হয়েছে। অনুশীলন চলাকালীন কেএল রাহুল এবং শুভমান গিল চোট পেয়েছেন। গিল তো প্রথম টেস্ট ম্যাচ থেকেই ছিটকে গিয়েছেন।
বাসিত আলি আরও যোগ করেছেন, ভারতীয় ক্রিকেট দলের আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, 'ভারতীয় ক্রিকেট দলের আত্মবিশ্বাস আপাতত তলানিতে এসে ঠেকেছে। সেকারণে ওরা লুকিয়ে লুকিয়ে অনুশীলন করছে। কোনও দলকে নিজেদের রুটিন অনুসারেই খেলা উচিত। চোটের ভয়েই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় কোনও প্র্যাকটিস ম্যাচ খেলছে না। যদিও প্র্যাকটিস চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটার চোট পেয়েছেন।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'কোনও সিরিজ শুরুর আগে যে ধরনের প্রস্তুতি দরকার, সেটা ভারত একেবারেই করছে না। সিরিজ শুরু হওয়ার ১২ দিন আগে আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন, না ১২ মাস আগে, তাতে কোনও পার্থক্য পড়ে না। এটা একেবারেই সঠিক রাস্তা নয়। অস্ট্রেলিয়ায় আপনাদের ম্যাচ খেলতে হবে এবং ওদের বোলিং ডিপার্টমেন্টের বিরুদ্ধে লড়াই করতে হবে।'