ওয়েস্ট ইন্ডিজকে ২–১, তারপর ইংল্যান্ডকে ৩–২ হারিয়েছে হরমনপ্রীতের নেতৃত্বাধীন টিম। একদিনের বিশ্বকাপ ট্রফিও ঘরে তুলেছে তারা—যা মহিলা ক্রিকেটে ভারতের প্রথম আইসিসি শিরোপা।
.jpeg.webp)
টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 28 November 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও টাটকা। তার মধ্যেই ফের ব্যাট-বল হাতে মাঠে নামতে চলেছেন হরমনপ্রীত কৌর–রা (Harmanpreet Kaur)। ডিসেম্বরের ২১ তারিখ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগামী টি২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে এই টুর্নামেন্ট দিয়েই।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু দু’দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সফর পিছিয়ে গেছে। ফলে ফাঁকা উইন্ডোই কাজে লাগাল বিসিসিআই (BCCI)। দ্রুত ঘোষণা করা হল পাঁচ ম্যাচের টি২০ সিরিজ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
সিরিজের প্রথম দুটি ম্যাচ বিশাখাপত্তনমে। বাকি তিনটি খেলা তিরুবনন্তপুরমে। ২১, ২৩, ২৬, ২৮ ও ৩০ ডিসেম্বর—এই পাঁচ দিনে পরপর পাঁচটি টি২০। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারত আরও তিনটি বড় সিরিজ খেলবে—ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, মে মাসে ইংল্যান্ড। ফলে বছরশেষের কড়া টেস্ট হতে চলেছে প্রস্তুতির প্রথম ধাপ।
সাম্প্রতিক ফর্ম বলছে, ভারতের মহিলা দল এখন আত্মবিশ্বাসে টইটুম্বর। ওয়েস্ট ইন্ডিজকে ২–১, তারপর ইংল্যান্ডকে ৩–২ হারিয়েছে হরমনপ্রীতের নেতৃত্বাধীন টিম। একদিনের বিশ্বকাপ ট্রফিও ঘরে তুলেছে তারা—যা মহিলা ক্রিকেটে ভারতের প্রথম আইসিসি শিরোপা।
তবে টি২০ ফরম্যাটে চ্যালেঞ্জ অনেক বেশি। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেবার নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতাতেই জার্নি শেষ। অভিজ্ঞতা মাথায় রেখে এবার দল তৈরি হচ্ছে আরও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নজর থাকবে ব্যাটিং অর্ডারে পরিবর্তন, বোলারদের কম্বিনেশন এবং অলরাউন্ডারদের ভূমিকার দিকে। বিশ্বকাপের আগে যতটা সম্ভব থিতু দল গঠন করতে চাইবে থিঙ্ক–ট্যাঙ্ক। বিশেষ করে স্পিন বিভাগ, যেখানে কয়েকটি জায়গা নিয়ে এখনও সংশয়।
বিশ্বকাপ জয় ভারতকে দিয়েছে মানসিক শক্তি। কিন্তু টি২০ ফরম্যাটে পরিস্থিতি বদলায় মুহূর্তে। তাই প্রথম থেকে ছন্দে ফেরাই লক্ষ্য। বছরশেষের এই সিরিজ তাই শুধু নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট নয়—আগামী বিশ্বকাপের রোডম্যাপের প্রথম মোড়।
ভারত–শ্রীলঙ্কা সিরিজের সূচি:
* ২১ ডিসেম্বর – প্রথম টি২০ (বিশাখাপত্তনম)
* ২৩ ডিসেম্বর – দ্বিতীয় টি২০ (বিশাখাপত্তনম)
* ২৬ ডিসেম্বর – তৃতীয় টি২০ (তিরুবনন্তপুরম)
* ২৮ ডিসেম্বর – চতুর্থ টি২০ (তিরুবনন্তপুরম)
* ৩০ ডিসেম্বর – পঞ্চম টি২০ (তিরুবনন্তপুরম)