এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। দলের বোলাররাও তাঁর সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে শুরু করেন প্রথম থেকেই। ১২ রানেই প্রথম উইকেটের পতন হয় অস্ট্রলিয়ার।

ডব্লিউটিসি ফাইনাল ২০২৫
শেষ আপডেট: 11 June 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল (WTC Final)। গত দুই বার ফাইনালে উঠলেও এবার নেই ভারত। তবুও বুধবার টসের সময় লর্ডসের বাইশ গজে দেখ গেল এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ এই টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। অবশ্য আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এদিন টসের সময় মাঠে ছিলেন ধারাভাষ্যকার হিসাবে। তিনি হলেন রবি শাস্ত্রী।
এবারের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ঐতিহাসিক লর্ডসে নেমেছে দক্ষিণ আফ্রিকার (Australia vs South Africa) বিরুদ্ধে। কিন্তু প্রথম দিন শুরুতেই রীতিমতো ব্যাকফুটে ব্যাগি গ্রিনরা।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। দলের বোলাররাও তাঁর সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে শুরু করেন প্রথম থেকেই। ১২ রানেই প্রথম উইকেটের পতন হয় অস্ট্রলিয়ার। কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফিরে যান ওপেনার উসমান খোয়াজা। রাবাদার শিকার হন তিনি।
ফার্স্ট ডাউনে নেমে সুবিধা করতে পারেননি ক্যামেরুন গ্রিনও। তিনিও রাবাদার বলে আউট হন ৪ রান করে। দলের রান তখন ১৬। এরপর মার্নাস লাবুশানেকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু যখনই মনে হচ্ছিল বড় রানের জুটি গড়তে চলেছেন এই দুই ব্যাটার, তখনই অজি শিবিরে আঘাত হানেন প্রোটিয়া পেসার মার্কো জ্যানসেন। ১৭ রান করে ফিরে যান ওপেনার লাবুশানে। দলের রান তখন ৪৬।
অপর প্রান্তে অবশ্য অবিচল ছিলেন স্মিথ। দলীয় ৬৭ রানে চতুর্থ উইকেটের পতন হয়। জ্যানসেনের বলে ১১ রান করে আউট হন ট্রাভিস হেড।
পঞ্চম উইকেটে বিউ ওয়েবস্টারকে নিয়ে ৭৯ রান স্কোর বোর্ডে যোগ করেন স্মিথ। তবে ৬৬ রান করে মার্করামের বলে আউট হয়ে ফিরে যান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া পাঁচ উইকেট হারিয়ে করেছে ১৮৩ রান। অপরাজিত রয়েছেন বিউস্টার (৫১) ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি (২০)।