এশিয়া কাপ ফাইনালের আগে প্রথা ভেঙে ফোটোশুটে হাজির হলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তান অধিনায়ক সলমন আঘা জানালেন, এটি সূর্যের ব্যক্তিগত সিদ্ধান্ত, এ নিয়ে কিছু বলার নেই তাঁর।
_0.jpeg.webp)
সলমন আঘা
শেষ আপডেট: 28 September 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল ম্যাচ ঘিরে ভারত-পাকিস্তান দ্বৈরথে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। রবিবার লড়াইয়ে নামার আগে পাকিস্তান অধিনায়ক সলমন আঘা স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতীয় দলের বিপক্ষে থাকা চাপের হলেও তাঁর দল মাঠে সেরাটা দিতে প্রস্তুত এবং সেক্ষেত্রে যেকোনও দলকেই হারাতে পারেন তাঁরা।
ভারত ইতিমধ্যেই টুর্নামেন্টে দু’দফা পাকিস্তানকে হারিয়েছে, প্রথমে গ্রুপ পর্বে, তারপর সুপার ফোরে। কিন্তু তাতেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না সলমন। সাংবাদিকদের তিনি বলেন, 'আমরাই জিতব। আমাদের লক্ষ্য সেরাটা দেওয়া। ৪০ ওভার যদি পরিকল্পনা মেনে খেলতে পারি, তবে যে কাউকে হারানো সম্ভব।'
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ফাইনালের আগে পাকিস্তান অধিনায়কের সঙ্গে প্রচলিত ফোটোশুটে না আসা নিয়েও প্রশ্ন উঠেছিল। এ প্রসঙ্গে সলমন শান্তভাবে বলেন, 'ওটা ওঁর সিদ্ধান্ত। ওঁ আসবে কি আসবে না, সেটা ওঁর ব্যাপার। আমি কিছু করতে পারি না।'
সূর্যকুমার আগেই ভারত-পাক ম্যাচকে ‘রাইভালরি’ হিসেবে দেখতে নারাজ ছিলেন উল্টে ভারতের বিপুল জয়ের পরিসংখ্যানের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। তবে সলমন মনে করেন, ম্যাচে কে কত কম ভুল করে সেটাই আসল। তাঁর কথায়, 'দু’দলেই চাপ আছে। আমরা স্বীকার করছি, ভারত আমাদের থেকে কম ভুল করেছে, তাই জিতেছে। এবার যে দল কম ভুল করবে, সেই দলই ট্রফি তুলবে।'
এশিয়া কাপে চলতি আসরে এখনও পর্যন্ত ১৮ ম্যাচের মধ্যে ১১ বার টস জেতা দল জয় পেয়েছে। তবে টসে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না পাকিস্তান অধিনায়ক। তাঁর কথায়, 'আমরা টস ধরে কৌশল তৈরি করি না। টস তো নিয়ন্ত্রণে নেই। এটা খেলা শুরুর একটা নিয়ম মাত্র। তাই ফাইনালেও এর তেমন ভূমিকা থাকবে বলে মনে করি না।'
এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তানের ফাইনাল মানেই আলাদা উত্তাপ। রাজনৈতিক আবহ থেকে শুরু করে সমর্থকদের আবেগ, সব মিলিয়ে দুই দেশের খেলোয়াড়দের ওপর চাপ আরও বেড়ে যায়। সেই পরিস্থিতিতে রবিবার মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সলমনের ভরসা, এই চাপের মধ্যেই তাঁর দল নিজেদের সেরা খেলা খেলবে।