ক্ষুব্ধ জনমতের আবহে সূর্যরা মাঠে নামেন এবং ছিনিয়ে নেন সহজ জয়। যদিও রায়নার এই নতুন তত্ত্বে স্পষ্ট—মাঠের ক্রিকেট কিংবা কূটনীতির মারপ্যাঁচ নয়, খেলোয়াড়দের অন্তরেই ছিল অনীহার বীজ!

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 15 September 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে মাঠের লড়াই নিয়ে যতটা না হইচই, তার চাইতে বেশি আলোচনা বাইরের নাটক নিয়ে। বিশেষত ‘হ্যান্ডশেক-বিতর্ক’ (Handshake Row) আজ সকাল থেকে জোর চর্চায়।
বাইশ গজে সহজে জয় ছিনিয়ে নেয় ভারত। তারপর শুভমান, সূর্যকুমাররা সলমন আঘা বাহিনীর সঙ্গে করমর্দন না সেরে সরাসরি সাজঘরে ঢুকে যান। হাত মেলাতে পাক শিবির হাজির হলেও ড্রেসিং রুমের দরজা দুম করে বন্ধ করে দেওয়া হয়। সেই দৃশ্য সমাজমাধ্যমে চকিতে ভাইরাল। আর তারপরেই রাজ্যের শোরগোল।
এবার সামনে এল আরও চাঞ্চল্যকর দাবি। প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়না (Suresh Raina) জানালেন, আদতে টিম ইন্ডিয়ার কেউই নাকি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি ছিলেন না! স্পোর্টস টক–কে (Sports Tak) দেওয়া সাক্ষাৎকারে রায়নার সাফ বক্তব্য, ‘আমি নিশ্চিতভাবে জানি, ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের জিজ্ঞাসা করলে তাঁরা বলবেন, খেলতে চান না। আসলে বিসিসিআই (BCCI) রাজি হয়ে গিয়েছে বলেই ওঁদের মাঠে নামতে হয়েছে। আমি দুঃখিত, যে ভারত পাকিস্তানের সঙ্গে খেলেছে। বাজি রেখে বলতে পারি, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও তাঁর সতীর্থদের যদি ব্যক্তিগত মতামত জানতে চাওয়া হত, তবে তাঁরা ‘না’ করতেন। কারও মাঠে নামতেই ইচ্ছে করেনি!’
প্রসঙ্গত, এপ্রিলের পহেলগাম পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারান ২৬ জন নিরপরাধ পর্যটক। তার জেরেই শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন। ভারতীয় সেনার পাল্টা ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) উত্তেজনা আরও উসকে দেয়। এর মধ্যে এশিয়া কাপ আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু শেষ পর্যন্ত দুই মুলুকের ক্রিকেট বোর্ড সম্মত হয় আর ভারতও বাধ্য হয়ে দল নামায়।
তখন থেকেই সামাজিক মাধ্যমে প্রবল বয়কট–ডাক (Boycott Calls)। ক্ষুব্ধ জনমতের আবহে সূর্যরা মাঠে নামেন এবং ছিনিয়ে নেন সহজ জয়। যদিও রায়নার এই নতুন তত্ত্বে স্পষ্ট—মাঠের ক্রিকেট কিংবা কূটনীতির মারপ্যাঁচ নয়, খেলোয়াড়দের অন্তরেই ছিল অনীহার বীজ!