মুম্বই গত সিজনে প্লে-অফে হেরে ছিটকে গিয়েছিল। এবার ঘুরে দাঁড়ানোর পালা। যার অন্যতম সৈনিক হতে চলেছেন জসপ্রীত বুমরাহ।

জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 25 March 2026 17:22
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) প্রি-সিজন ক্যাম্প চলছে ওয়াংখেড়েতে। কিন্তু সেখানে নেই জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি বেঙ্গালুরুতে, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে (BCCI Centre of Excellence)। খবরটা ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ। নতুন চোট? আইপিএল মিস? নাকি রুটিন ভিজিট?
সবই পরিকল্পনার অংশ
‘ইএসপিএন ক্রিকইনফো’র প্রতিবেদন অনুযায়ী, বুমরাহর বেঙ্গালুরু সফর সম্পূর্ণ পরিকল্পিত। বিসিসিআইয়ের চিকিৎসক দল তাঁর জন্য বিশেষ শক্তি ও কন্ডিশনিং কার্যক্রম তৈরি করেছে। লক্ষ্য একটাই—জুলাইয়ে ইংল্যান্ড সফরের (England Tour) আগে যেন পুরোপুরি প্রস্তুত থাকেন। সেখানে পাঁচটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হল, বেঙ্গালুরুতে থেকেও বুমরাহ পুরোদমে বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন। মোটেও মাঠের বাইরে নেই। কয়েকদিনের মধ্যেই দলে যোগ দেবেন। ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম হোম ম্যাচে খেলবেন বলে জানা যাচ্ছে।
বিশ্বকাপের পর বিশ্রাম জরুরি
এই সতর্কতার কারণ বোঝা যায় বুমরাহর সাম্প্রতিক সময়সূচি দেখলে। এবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের একজন তিনি—১৪টি উইকেট। আমদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে বোলিং ছিল অবিশ্বাস্য—৪ উইকেট মাত্র ১৫ রানে। তার আগে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও একগাদা চাপ নিয়ে বোলিং করেছেন। ২০২৫-এ পিঠের অস্ত্রোপচারের পর থেকে বিসিসিআই তাঁর ঘাড়ের বোঝা নিয়ে সতর্ক। যে কারণে অপ্রয়োজনীয় ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়। এটা সেই ধারারই অংশ।
মুম্বইয়ের বোলিং আক্রমণের মেরুদণ্ড
মুম্বই ইন্ডিয়ানসের বোলিং বিভাগ বুমরাহকে কেন্দ্র করেই তৈরি। গেলবার দলের ফলাফল ভাল না হলেও নিজে দুর্দান্ত ছন্দে ছিলেন—১২ ম্যাচে ১৮ উইকেট, ইকোনমি রেট মাত্র ৬.৬৭। এবারও পাশে থাকবেন ট্রেন্ট বোল্ট (Trent Boult), দীপক চাহার (Deepak Chahar) ও মিচেল স্যান্টনার (Mitchell Santner)। কিন্তু বুমরাহ ছাড়া সবকিছু অসম্পূর্ণ, তিনি এলেই পুরো ছবিটা বদলে যায়। মুম্বই গত সিজনে প্লে-অফে হেরে ছিটকে গিয়েছিল। এবার ঘুরে দাঁড়ানোর পালা। যার অন্যতম সৈনিক হতে চলেছেন জসপ্রীত বুমরাহ।