প্রত্যাবর্তেনর পথে সুদর্শনের সঙ্গী হন তাঁর মা। শক্তি ও কন্ডিশনিং কোচ হয়ে মা শুরু করলেন সন্তানের পরিচর্যা। সুদর্শনের মা ঊষা ভরদ্বাজ ছিলেন একজন রাজ্য স্তরের ভলিবল খেলোয়াড়। তাঁর বাবা আর ভরদ্বাজও একজন ক্রীড়াবিদ ছিলেন।

মায়ের সঙ্গে সুদর্শন
শেষ আপডেট: 20 June 2025 16:44
দ্য ওয়াল ব্যুরো: এ এক বিশ্বমঞ্চে উঠে আসার গল্প। এ এক প্রত্যাবর্তনের গল্প। একজন ব্যক্তির সিদ্ধান্ত বাস্তবে পরিণত হয় আবেগ, জেদ আর অদম্য অধ্যবসায় থাকলে। যদি আবেগ এবং জেদের সঙ্গে বাবা-মায়ের সমর্থন মিলে যায়, তবে সাফল্য কখনওই অধরা থাকে না।
ভারতের ৩১৭তম টেস্ট খেলোয়াড়ের সঙ্গেও এই রকম কিছু ঘটেছে। এই সংখ্যাটি এমন একজন লড়াকু ব্যাটসম্যানের সঙ্গে যুক্ত যাঁকে একসময় অনূর্ধ্ব-১৯ দলেরও যোগ্য মনে করা হত না। আজ সেই ছেলেই ইংল্যান্ডের ঐতিহাসিক শহর লিডসের ঐতিহাসিক হেডিংলি স্টেডিয়ামে তাঁর টেস্ট অভিষেক করেছেন। তাঁর নাম সাই সুদর্শন (Sai Sudarshan Test Debut)।
তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দল ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে। প্রথম ম্যাচটি আজ শুরু হয়েছে হেডিংলিতে। ম্যাচ শুরুর আগে চেতেশ্বর পূজারা সুদর্শনের মাথায় পড়িয়ে দেন টেস্ট ক্যাপ। সুদর্শন সেই পজিশনেই (৩) ব্যাট করবেন যেখানে পূজারা এবং রাহুল দ্রাবিড় করতেন। এটি সুদর্শনের দক্ষতার উপর দলের কতটা আস্থা রয়েছে তা দেখায়।
এভাবেই গল্পটা বদলে গেল
সুদর্শনের এই যাত্রাপথ মোটেও কণ্টকমুক্ত ছিল না। সময়টা ২০১৯ সালের ডিসেম্বর। সুদর্শনকে তামিলনাড়ুর অনূর্ধ্ব-১৯ দল থেকে বের করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর সুদর্শন কাঁদতে শুরু করেন। আসলে সুদর্শনের ফিটনেস তখন ভাল ছিল না। এরপরই শুরু হয় প্রত্যাবর্তনের গল্প।
প্রত্যাবর্তেনর পথে সুদর্শনের সঙ্গী হন তাঁর মা (Sai Sudarshan’s Mother)। শক্তি ও কন্ডিশনিং কোচ হয়ে মা শুরু করলেন সন্তানের পরিচর্যা। সুদর্শনের মা ঊষা ভরদ্বাজ (Usha Bharadwaj) ছিলেন একজন রাজ্য স্তরের ভলিবল খেলোয়াড়। তাঁর বাবা আর ভরদ্বাজও একজন ক্রীড়াবিদ ছিলেন। ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসে (সাফ গেমস) ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁদের দু’জনের কঠোর পরিশ্রমের কারণে সুদর্শনের গল্প বদলে গিয়েছে এবং আজ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছেন।