চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সিরিজ, মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ সহ একাধিক হাইভোল্টেজ টুর্নামেন্টের ভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়াম (Chinnaswamy Stadium) থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।

চিন্নস্বামী স্টেডিয়াম
শেষ আপডেট: 10 June 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: পদপিষ্টের (Bengaluru Stampede) জেরে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনার মাশুল গুনতে চলেছে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)। সূত্রের খবর, চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সিরিজ, মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ সহ একাধিক হাইভোল্টেজ টুর্নামেন্টের ভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়াম (Chinnaswamy Stadium) থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। কিছু স্থানান্তরণের ঘোষণা ইতিমধ্যে সামনে এসেছে, কিছু এখনও আলাপ-আলোচনার স্তরে রয়েছে।
উল্লেখ্য, আরসিবির আইপিএল জয়কে কেন্দ্র করে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জমায়েত কাতারে কাতারে অনুরাগী ও সমর্থকের জটলায় বিশৃঙ্খলা দানা বাঁধে। সেখান থেকে পদপিষ্ট। যার বলি ১১টি নিরীহ প্রাণ।
এই দুর্ঘটনার জেরে ছানবিন চলে রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভূমিকা ও আরসিবির দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে। উপযুক্ত পরিকাঠামো ও প্রস্তুতি ছাড়াই যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা এতদিনে পরিষ্কার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বক্তব্য, ব্যবস্থাগ্রহণ বুঝিয়ে দিচ্ছে কর্নাটক সরকার মোটেও বিষয়টিকে লঘুভাবে দেখছে না।
এর আগে আরসিবির উপর থেকে হাত সরিয়ে নিয়েছিল বোর্ড (BCCI)। সরব হন বিসিসিআইয়ের সচিব, মুখ খোলেন আইপিএলের (IPL) চেয়ারম্যানও। এবার শুধু কথার কথা নয়, ব্যবস্থা নিল ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরু থেকে সরানো হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এ দলের ম্যাচ। ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর যা আয়োজনের কথা। দিন একই থাকলেও বদলে গেল ভেন্যু। এই ম্যাচ এবার চিন্নাস্বামীর বদলে আয়োজিত হবে রাজকোটের মাঠে।
পদপিষ্টে মৃত্যুর জেরেই কি সিদ্ধান্ত? বিসিসিআইয়ের কোনও কর্তাই বিষয়টি স্বীকার করেননি। মানতে নারাজ কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও। তাঁর দাবি, দুটি ঘটনা আলাদা। সূত্রের খবর, স্টেডিয়াম বদলের সিদ্ধান্ত বিসিসিআইয়ের তরফে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশকে জানানো হয়েছে।
এই প্রস্তুতি ম্যাচ ছাড়াও মেয়েদের বিশ্বকাপের ম্যাচও বেঙ্গালুরু থেকে স্থানান্তরের চিন্তাভাবনা শুরু করেছে আইসিসি ও বিসিসিআই। চলতি বছরে সেপ্টেম্বর–নভেম্বরে টুর্নামেন্টের আসর বসতে চলেছে। ভেন্যু হিসেবে ইতিমধ্যে পাঁচটি স্টেডিয়াম ঠিক করা হয়েছে।
চিন্নাস্বামীতে উদ্বোধনী ম্যাচ (৩০ সেপটেম্বর), একটি সেমিফাইনাল (৩০ অক্টোবর) ও ফাইনাল (২ নভেম্বর) হওয়ার কথা। চলতি বিতর্কের জেরে সবই বেঙ্গালুরুর হাত ফস্কে অন্যত্র চলে যাওয়ার জোরালো সম্ভাবনা। জল্পনার খবর সামনে আসতে হতাশা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী।
বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে চিন্নাস্বামীতে বড় ম্যাচ দেখার সম্ভাবনা ক্ষীণ। এই সময়কে কাজে লাগিয়ে কর্তৃপক্ষ মাঠের পরিকাঠামো উন্নত করার সিদ্ধান্ত নিতে চলেছেন। ময়দানের পাঁচিল থেকে শুরু করে রেলিং, সিঁড়ি সবকিছু মেরামত করে গোটা গ্যালারি ঢেলে সাজানো হতে পারে।