জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, তিনি বাংলার ক্রিকেট পরিকাঠামো আরও উন্নত করতে চান। সেই সঙ্গে জুনিয়র ক্রিকেটে আরও বেশি গুরুত্ব দিতে চাইছেন তিনি।
.png.webp)
সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 23 September 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যে ফের সিএবির মসনদে বসতে চলেছেন, এটা সপ্তাহ খানেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সিএবি প্রেসিডেন্ট (CAB President) পদে বাংলার মহারাজের বিরুদ্ধে কোনও মনোনয়নই জমা পড়েনি। তাই সৌরভের বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রধান হওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর সোমবার থেকে শুরু হল সিএবি প্রেসিডেন্ট হিসাবে সৌরভের দ্বিতীয় পর্ব।
গতকাল শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় সিএবির বার্ষিক সাধারণ সভা। সেই সভাতেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল, সিএবি প্রেসিডেন্ট পদে এবার থেকে দায়িত্ব সামলাবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পরই স্বপারিষদ সৌরভ চলে আসেন ইডেন গার্ডেন্সে। সেখানে তাঁরা বাংলা ক্রিকেটের ভবিষ্যৎ ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনাও করেন।
প্রশাসক হিসাবে সৌরভের সাফল্য অনস্বীকার্য। এর আগে বিসিসিআই ও সিএবি প্রেসিডেন্ট হিসাবে তিনি এমন কিছু উদ্যোগ নিয়েছিলেন, যার সুফল পাচ্ছে বাংলা ও ভারতীয় ক্রিকেট। এবার তিনি প্রায় ৬ বছর পরে সিএবির মসনদে ফিরলেন। দ্বিতীয়বার সিএবি প্রেসিডেন্টের পদে বসার পর সৌরভ জানিয়েছেন তাঁর পরবর্তী পরিকল্পনার কথা।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, তিনি বাংলার ক্রিকেট পরিকাঠামো আরও উন্নত করতে চান। সেই সঙ্গে জুনিয়র ক্রিকেটে আরও বেশি গুরুত্ব দিতে চাইছেন তিনি। সৌরভের হাত ধরেই বাংলা ক্রিকেটে চালু হয়েছিল তাঁর স্বপ্নের ভিশন প্রজেক্ট। এই প্রোজেক্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও নানা পরিকল্পনা রয়েছে তাঁর। সোমবারের এজিএমে ক্লাবগুলির অনুদান আরও কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবার থেকে ক্লাবগুলিকে আট লক্ষ টাকা করে দেওয়া হবে।
সিএবির নতুন প্যানেল
সচিব- বাবলু কোলে
যুগ্ম-সচিব- মদনমোহন ঘোষ
কোষাধ্যক্ষ- সঞ্জয় দাস
সহ-সভাপতি- নীতীশরঞ্জন দত্ত।
এর আগে সৌরভ সিএবির সভাপতির পদে ছিলেন ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন তিনি। বিসিসিআইয়ের প্রধান পদে তিনি ছিলেন ২০২২ পর্যন্ত ছিলেন।