
গুজরাট জায়ান্টসের ক্রিকেটার সিমরন শেখ
শেষ আপডেট: 17 December 2024 06:39
দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেট খেলতে ভালবাসতেন ছোটবেলা থেকেই। কিন্তু, কখনই প্রতিবেশীদের থেকে তেমন কোনও উৎসাহ পাননি। বরং খোঁটা শুনতে হয়েছে, 'এই মেয়ে তো ছেলেদের সঙ্গে খেলে...'। অবশেষে যাবতীয় সমালোচনার জবাব দিলেন মুম্বইয়ের সিমরন শেখ। রবিবাসরীয় (১৫ ডিসেম্বর) রাতে সেই প্রতিবেশীরাই বাড়ি এসে শুভেচ্ছা জানিয়ে গিয়েছে।
কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত আলোচনা করা যাক। মুম্বইয়ের ধারাভি অঞ্চলের কথা কারোর কাছেই অজানা নয়। এশিয়ার সবথেকে বড় বস্তি এলাকা। একেবারে নিম্নবিত্ত পরিবারের বসবাস। সুতরাং, কেউ বামুন হয়ে যে কখনই চাঁদ ধরার স্বপ্ন দেখবে না, সেটাই স্বাভাবিক। তবে সমাজের সব জায়গাতেই তো ব্যতিক্রম থাকে। আর ধারাভি বস্তির সেই ব্যতিক্রম হলেন সিমরন। গত রবিবার বেঙ্গালুরুতে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আর সেখানেই গুজরাট জায়ান্টস তাঁকে ১.৯০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে।
এই টাকা পেয়ে কার্যত আত্মহারা সিমরন। তিনি বললেন, 'আমার যে কতটা আনন্দ হচ্ছে, সেটা বলে বোঝাতে পারব না। গত রাত পর্যন্তও আমি ঈশ্বরের কাছে প্রার্থণা করেছি যেন কোনও একটা দল আমাকে নিয়ে নেয়। তবে গুজরাট জায়ান্টস আমাকে দলে নেওয়ার পর থেকেই একের পর এক ফোন আসতে শুরু করেছে।'
তিনি আরও যোগ করলেন, 'ছোটবেলা থেকেই খুব কষ্ট করে আমি দিন কাটিয়েছে। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ক্রিকেট কিট কেনারও ক্ষমতা ছিল না। কিন্তু, আজ আমি যা পেয়েছি, সেটা এই ক্রিকেটের জন্যই। কথা দিচ্ছি, আগের থেকে আরও বেশি পরিশ্রম করব।'
VIDEO | Heres what 19-year-old Simran Shaikh from Mumbai’s Dharavi said after being bought by Gujarat Giants for a whopping Rs 1.90 crore at the Women’s Premier League (WPL) auction:
— Press Trust of India (@PTI_News) December 16, 2024
"I still can’t believe that I was auctioned for such a big price. I am completely shocked right… pic.twitter.com/9dM2KmZcvA
প্রসঙ্গত, এই নিলাম অনুষ্ঠানে আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে গুজরাট জায়ান্টসের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটারের তকমা পেয়েছেন সিমরন। গত বছর কাশভি গৌতমকে ২ কোটি টাকার বিনিময়ে জায়ান্টসরা সই করিয়েছিল।
Simran Shaikh reacts after joining #GujaratGiants ahead of #TATAWPL2025 ????#TATAWPLAuction #JioCinemaSports #WPLAuctiononJioStar pic.twitter.com/qJQu6GGd8Z
— JioCinema (@JioCinema) December 15, 2024
সিমরনের এই সাফল্য়ে তাঁর বাবার অবদান সবথেকে বেশি। তিনি বললেন, 'আমি মুসলিম পরিবার থেকে উঠে এসেছি। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীতেই আমরা বরাবর থাকি। সেই জায়গায় ক্রিকেট খেলার স্বপ্ন দেখা আমাদের কাছে কম বড় বিলাসিতা নয়। আমার মনে আছে প্রতিবেশীরা হামেশাই বলতেন যে জাহিদ (সিমরনের বাবা), এটা তুই কী করছিস? এখন তো ওকে ঘরের কাজ শেখানোর সময়। খেলাধুলো করে জীবনে কিছুই উন্নতি হবে না। কিন্তু, আমার বাবা কখনও আমাকে ক্রিকেট খেলা ছাড়ার কথা বলেনি। আজ ওই মানুষগুলোই আমার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে গিয়েছে।'