আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য দল বাছাই শুরু হয়েছে। সেখানে টিমের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে শুভমান গিলকে।

শুভমান গিল
শেষ আপডেট: 23 May 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য দল বাছাই শুরু হয়েছে। সেখানে টিমের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে শুভমান গিলকে। সহ-অধিনায়ক হতে চলেছেন ঋষভ পন্থ ও কেএল রাহুলের মধ্যে একজন।
সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হতে পারে। তার আগে সূত্রের খবর, জসপ্রীত বুমরাহ নিজেকে অধিনায়ক হওয়ার দৌড় থেকে সরিয়ে নিয়েছেন। ফিটনেসের যা অবস্থা, তাতে পাঁচটি নয়, সবচেয়ে বেশি তিনটি টেস্টেই নামতে পারবেন বুমরাহ। এ বিষয়ে তিনি বোর্ডকে স্পষ্ট করে জানিয়েও দিয়েছেন।
আজ সকালেই সামনে এসেছিল, মহম্মদ সামিকে হয়তো দলে রাখা হবে না। এই সিদ্ধান্তে সিলমোহর দিতে চলেছে বোর্ড। পাশাপাশি শ্রেয়স আইয়ারকেও যে লাল বলের ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে না, সেটা স্পষ্ট করে দিয়েছেন নির্বাচকরা। পাঞ্জাব কিংসের অধিনায়ক আইপিএলে ভাল খেললেও ইংল্যান্ডগামী বিমানে সম্ভবত জায়গা পাবেন না!
উল্লেখ্য, রোহিত, বিরাটকে ছাড়া এই প্রথম কোনও টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। সামনে কঠিন চযালেঞ্জ। কারণ ইংল্যান্ডের মাঠে কখনওই ভাল পারফর্ম করতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সফরে সামি জায়গা পাননি। সেবার চোটের জন্য বাদ পড়েছিলেন। এবারও ফিটনেসের কারণেই তাঁকে দলের বাইরে রাখা হচ্ছে। বুমরাহ যেখানে চোটের ভয়ে নিজেই আগাম জানিয়েছেন, তিনি সিরিজের প্রতিটি টেস্ট খেলতে পারবেন না, সেখানে চোট-আঘাতপ্রবণ আরও এক পেসারকে দলে রাখাটা বিপজ্জনক। নির্বাচকরা সেই ঝুঁকি নিতে চাননি!
বাতিলের তালিকায় সবচেয়ে বড় মুখ সম্ভবত শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। বছর তিরিশের ব্যাটসম্যান নেমেছেন পাঁচটি ম্যাচে। করেছেন ৪৮০ রান। গড় প্রায় ৬৯-এর কাছাকাছি। শতরান দুটি। খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দলের সর্বোচ্চ রানও শ্রেয়সেরই দখলে। তবু কেন বাদ পড়লেন? সূত্রের খবর তিনটি বিষয় নিয়ে নির্বাচকদের আপত্তি রয়েছে। প্রথমত, শ্রেয়সের নতুন ব্যাটিং স্টান্স, দ্বিতীয়ত, চালিয়ে খেলার ধরন এবং তৃতীয়ত, ডোন্ট কেয়ার মানসিকতা। এই তিনটি বিষয়, নির্বাচকদের মতে, সাদা বলের ক্রিকেটের জন্য খাটে। টেস্টের জন্য কদাপি নয়! তাই কোপ পড়েছে শ্রেয়সের ঘাড়ে।
পরিবর্তে শিকে ছিঁড়তে চলেছে সাই সুদর্শন ও করুণ নায়ারের। করুণ ঘরোয়া ক্রিকেটে চলতি মরশুমে অপ্রতিরোধ্য। রঞ্জিতে তুলেছেন ৮৬৩ রান। গড় প্রায় ৫৪-র কাছাকাছি। বিদর্ভের হয়ে বিজয় হাজারে ট্রফিতে করেছিলেন ৭৭৯ রান। গড় অবিশ্বাস্য ৩৮৯.৫০! সূত্রের মতে, এতকিছুর পরেও যদি নায়ার জায়গা না পেতেন, তাহলে ঘরোয়া ক্রিকেটই মর্যাদা হারাত!
সম্ভাব্য দল: শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, সাই সুদর্শন, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব