
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুভমান গিল
শেষ আপডেট: 4 September 2024 18:57
দ্য ওয়াল ব্যুরো: খুব বেশিদিন আগেকার কথা নয়। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা শুভমান গিলকে সাদা বলের ক্রিকেটে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুভমানের মধ্যেই ভবিষ্যতের অধিনায়ক খোঁজার চেষ্টা করেছিল। কিন্তু, শুধুমাত্র সাদা বলের ক্রিকেটেই তো আর ভালো পারফরম্যান্স করলে হবে না, টেস্ট ম্যাচেও সমানুপাতিকভাবে ভালো পারফরম্যান্স করতে হবে।
ভারতীয় টেস্ট ক্রিকেট দলে শুভমান তিন নম্বরে ব্যাট করতে নামেন। কিন্তু, ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে শুভমানের ব্যাটিং গড় মাত্র ৩৫.৫২। সবথেকে বড় কথা, শুভমান নিজেই নিজের পারফরম্যান্সের উপর একেবারে সন্তুষ্ট হতে পারছেন না।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে শুভমান গিল এখনও পর্যন্ত ২৫টি টেস্ট ম্যাচে মাত্র ১,৪৯২ রান করেছেন। নিজের টেস্ট কেরিয়ারের প্রতি অসন্তুষ্ট হয়ে শুভমান বললেন, 'এখনও পর্যন্ত আমি প্রত্যাশা পূরণ করতে পারিনি। এবার আগামী কয়েকমাসে আমাদের টানা ১০টি টেস্ট ম্যাচ খেলতে হবে। আশা করছি, এই ১০টি ম্যাচের পর আমি নিজের পারফরম্য়ান্স নিয়ে কিছুটা হলেও সন্তুষ্ট হতে এবং প্রত্যাশা পূরণ করতে পারব।'
ডিফেন্স আরও মজবুত করেছেন
শুভমান গিল বলেছেন, স্পিন বলের বিরুদ্ধে তাঁর ব্যাটিং রক্ষণকে আরও বেশি মজবুত করেছেন। তাঁর কথায়, স্পিন বলের বিরুদ্ধে একজন ব্যাটারের ডিফেন্স যথেষ্ট মজবুত হওয়া উচিত। কারণ তারপরই হাত খুলে শট খেলা যেতে পারে। গিল বললেন, দিনের পর দিন টি-২০ ক্রিকেটের প্রভাব ক্রমশ বেড়ে চলেছে। প্রতিটা উইকেট ব্যাটিং সহায়ক করে তোলা হয়। আর সেকারণেই একজন ব্যাটারের ডিফেন্স দুর্বল হয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, আগামী ৫ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফি শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে ইন্ডিয়া এ দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। এই দলের হয়ে খেলবেন ময়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, শিবম দুবে এবং কুলদীপ যাদব। ইন্ডিয়া এ তাদের প্রথম ম্য়াচ আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া বি দলের বিরুদ্ধে খেলতে নামবে। ইন্ডিয়া বি দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ।