প্রস্তুতি ম্যাচে বুমরাহ, সিরাজ, কৃষ্ণদের বিরুদ্ধে যে ভাবে ব্যাট করলেন শার্দূল, এর পর আর তাঁকে বাইরে রাখার কথা চিন্তা করা যাচ্ছে না। বোলার শার্দূল আগেই ইংল্যান্ডের পরিবেশে সফল হয়েছেন।

শার্দূল ঠাকুর
শেষ আপডেট: 16 June 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: শার্দূল ঠাকুর নাকি নীতীশকুমার রেড্ডি? এই চিন্তায় মাথাব্যথা বাড়ল টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের। প্রথম টেস্টের প্রথম একাদশে কোন অলরাউন্ডারকে রাখা হবে, সেই নিয়ে উঠছে প্রশ্ন। আসলে প্রস্তুতি ম্যাচে বুমরাহ, সিরাজ, কৃষ্ণদের বিরুদ্ধে যে ভাবে ব্যাট করলেন শার্দূল, এর পর আর তাঁকে বাইরে রাখার কথা চিন্তা করা যাচ্ছে না। বোলার শার্দূল আগেই ইংল্যান্ডের পরিবেশে সফল হয়েছেন, এবার তিনি দেখিয়ে দিলেন, সুযোগ পেলে ব্যাটার হিসাবেও তাঁর নিজেকে প্রমাণ করার ক্ষমতা রয়েছে।
গৌতম গম্ভীরের সিদ্ধান্তে লোকচক্ষুর অন্তরালে ইন্ডিয়া ‘এ’ (India A) দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ (Warm-Up Match) খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া (Team India)। তবে ম্যাচটি চার দিন (১৬ জুন) হওয়ার কথা থাকলেও আড়াই দিন পরই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই ম্যাচের কোনও ফলাফল হয়নি।
তবে ম্যাচ পুরো না হলেও প্রাপ্তির খাতায় অনেক কিছু জুটেছে। বিশেষত শার্দূল ঠাকুরের (Shardul Thakur) অলরাউন্ড পারফরম্যান্স। সেই সঙ্গে প্রথম টেস্টের আগে এই অনুশীলন ম্যাচে শুভমান গিল, কেএল রাহুলের ব্যাটিং থেকে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং কৃষ্ণর বোলিং, সব কিছুতেই ছিল ইতিবাচক ছাপ।
ভারতীয় ‘এ’ দলের হয়ে দুরন্ত পারফর্ম করেন সরফরাজ খান। এই ম্যাচে ৭৬ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে ভারতীয় দলের হয়ে উইকেটশূন্য ছিলেন জশপ্রীত বুমরাহ। দু’টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। একটি উইকেট পেয়েছেন নীতীশকুমার রেড্ডি।
এই ম্যাচে সব থেকে নজর কেড়েছেন শার্দূল ঠাকুর। তাঁর পারফরম্যান্স নিশ্চিতভাবেই প্রথম টেস্টের আগে বিবেচনায় রাখবে টিম ম্যানেজমেন্ট। ভারত ‘এ’-র হয়ে তিনি এই ম্যাচে করেছেন অপরাজিত ১২২ রান। তাঁর ইনিংসটি ছিল জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অর্শদীপ সিং-এর মতো বোলারদের বিরুদ্ধে।
ভারত ‘এ’ দলের হয়ে বল হাতেও নজর কেড়েছেন লর্ড শার্দূল। কেএল রাহুল, শুভমান গিল এবং করুণ নায়ারের মতো ব্যাটাররা তাঁর বোলিংয়ে বারবার পরাস্ত হয়েছেন প্রস্তুতি ম্যাচে।
দ্বিতীয় দিন অপরাজিত থেকে শেষ করেছিলেন শার্দূল। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে তিনি তাঁর সেঞ্চুরি পেয়ে যান। দুই অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং শার্দূলের মধ্যে কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে এখন শুরু হয়েছে ম্যানেজমেন্টের মাথাব্যথা।
বর্ডার-গাভাসকর ট্রফির জন্য শার্দুলকে দলে রাখা হয়নি। তাঁর বদলে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির উপর ভরসা রেখেছিলেন বিসিসিআইয়ের নির্বাচকরা। নীতিশ পাঁচটি টেস্ট খেলেছেন। মেলবোর্ন টেস্টে সেঞ্চুরিও করেছিলেন তিনি। তবে বল হাতে তাঁর কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যায়নি। এদিকে সেট ব্যাটারকে আউট করার ক্ষমতা রয়েছে শার্দূলের। এর আগে জাতীয় দলের জার্সিতে তিনি তা প্রমাণও করেছেন।
মুম্বইয়ের হয়ে ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফর্ম করার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য শার্দূলকে ভারতীয় দলে ডাকা হয়। এই অলরাউন্ডার শেষবার ভারতের হয়ে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। তিনি এখন পর্যন্ত ১১টি টেস্ট খেলে ৩৩১ রান করার পাশাপাশি ৩১টি উইকেট নিয়েছেন।
টিম ইন্ডিয়া ১৭ জুন (মঙ্গলবার) হেডিংলির উদ্দেশে রওনা হবে। ২০ জুন লিডসের হেডিংলিতে শুরু হবে প্রথম টেস্ট।