রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বড় আপডেট! হার্দিক পান্ডিয়া কি চোট সারিয়ে ফিরছেন? উইল জ্যাকসের খেলা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটল কি? মুম্বইয়ের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত পড়ুন।

উইল জ্যাকস
শেষ আপডেট: 7 April 2026 13:17
দ্য ওয়াল ব্যুরো: আজ আইপিএলের মহারণের আগে সবচেয়ে বড় প্রশ্ন—উইল জ্যাকস (Will Jacks) কি খেলবেন? ফিরছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)? রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আবহে এই দুই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে।
মুম্বইয়ের জন্য বড় ধাক্কা—এখনও পর্যন্ত দলে যোগই দেননি উইল জ্যাকস। ইংল্যান্ডের (England) এই অলরাউন্ডার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) পর বাড়তি বিশ্রাম চেয়েছিলেন। সেই আবেদন মেনে নেয় ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ আপডেট: এখনও ভারতে পৌঁছননি তিনি। স্বাভাবিকভাবে, আজকের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। জ্যাকস না থাকায় ব্যাটিং ও অলরাউন্ড অপশনে কিছুটা হলেও ঘাটতির মুখে। বিশেষ করে মিডল অর্ডার নড়বড়ে। জ্যাকসের উপস্থিতি বাড়তি ভারসাম্য জোগাতে পারত।
অন্যদিকে সুখবর হার্দিককে ঘিরে। অসুস্থতার কারণে আগের ম্যাচে খেলেননি। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে এখন পরিস্থিতি বদলেছে। রবিবার রাতের প্র্যাকটিস সেশনে হার্দিককে পুরো ছন্দে দেখা গেল। ইয়র্কার প্র্যাকটিস, লাইনে-লেন্থে মেরামতি—সবই সারলেন মন দিয়ে। ব্যাট হাতেও স্বচ্ছন্দ। হার্দিক নিজে জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের পর থেকে ইয়র্কার নিয়ে আলাদা করে কাজ করছেন। কারণ, এই একটি ডেলিভারি ঠিকঠাক আয়ত্তে আনতে পারলে বোলিং অনেক সহজ হয়ে যায়। সব মিলিয়ে, আজকের ম্যাচে অধিনায়কের কামব্যাকের সম্ভাবনা জোরালো।
মুম্বইয়ের শুরুটা মিশ্র। দুই ম্যাচে এক জয়, এক হার। কেকেআরের (Kolkata Knight Riders) বিরুদ্ধে বড় রান তাড়া করে জিতলেও, দিল্লির কাছে পরাজয় ধাক্কা দিয়েছে।
অন্যদিকে রাজস্থান রয়্যালস দারুণ ছন্দে। দু’ম্যাচেই জয়, পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে। গুয়াহাটির (Guwahati) বর্ষাপাড়া স্টেডিয়ামে (Barsapara Stadium) আজকের ম্যাচ মুম্বইয়ের জন্য মোটেও সহজ হবে না। রোহিত শর্মাদের (Rohit Sharma) শুরুটা ভাল হলেও মিডল অর্ডার ও বোলিংয়ে ধার বাড়ানো জরুরি।