তবে এবার অবশ্য কিউয়ি জার্সিতে নয়, অন্য একটি দেশের হয়ে খেলবেন তিনি। আর সেটা হল তাঁর মায়ের দেশ সামোয়া।

রস টেলর
শেষ আপডেট: 5 September 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসাবে মনে করা হয় রস টেলরকে (Ross Taylor)। ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে তিনি ১১২টি টেস্ট, ২৩৬টি ওডিআই এবং ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অবসর বৃত্ত ঢুকে পড়েন। তবে এবার জানা গেল, তিনি আবার ফিরছেন বাইশ গজের দুনিয়ায় (Comes out of retirement)।
রস টেলরকে আবার ব্যাট হাতে দেখা যাবে আন্তর্জাতিক আঙিনায়। তবে এবার অবশ্য কিউয়ি জার্সিতে নয়, অন্য একটি দেশের হয়ে খেলবেন তিনি। আর সেটা হল তাঁর মায়ের দেশ সামোয়া (Samoa)।
নিউজিল্যান্ডের ক্রিকেট কিংবদন্তি ৪১ বছর বয়সি টেলর ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন ২০২২ সালে। এবার তিনি ঘোষণা করেছেন, ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। টেলর এবার সামোয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্টটি ওমানে অনুষ্ঠিত হবে।
টেলর ইনস্টাগ্রামে লিখেছেন, “আমি অবসর থেকে ফিরে আসছি। এটা আনুষ্ঠানিক। আমি গর্বিত যে, আমি সামোয়ার হয়ে খেলতে যাচ্ছি। এটা কেবল ক্রিকেটে প্রত্যাবর্তন নয়, বরং আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম এবং পরিবারের হয়ে সম্মানের সঙ্গে প্রতিনিধিত্ব করা। আমি অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং মাঠের ভেতরে এবং বাইরে অবদান রাখতে আগ্রহী।”
আসলে রস টেলরের মা লোটের জন্মভূমি সামোয়া। সেজন্যই এই তারকা ক্রিকেটার সামোয়া দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। নতুন দেশের জার্সিতে তিনি খেলবেন তাঁর আসল নাম এবং ঐতিহ্যবাহী উপাধি 'লিউপেপে লাউটেরু রস পুতোয়া লোটে টেলর' নিয়ে।
৪১ বছর বয়সি টেলর তাঁর কেরিয়ারে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তিনি ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে এবং ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ-সহ মোট ৪৫০টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে কিউয়িদের হয়ে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে তিনি কেবল কেন উইলিয়ামসনের পিছনে। টেলর ১৯টি টেস্ট সেঞ্চুরি করেছেন, যা উইলিয়ামসনের পরে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
সামোয়া তাদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে এবং এই ম্যাচের বিজয়ী দল আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। টেলর বলেন, “যখন খেলোয়াড়রা নিজেরাই অবসর থেকে বেরিয়ে আসতে চায়, তখন এটি একটি অত্যন্ত শক্তিশালী অনুভূতি। যদিও আমি আর তরুণ নই, তবুও আমি নিজেকে ফিট মনে করি এবং মাঠে দৌড়াতে পারি।'
উল্লেখ্য, টেলর তার বন্ধু এবং প্রাক্তন ব্ল্যাকক্যাপস খেলোয়াড় তরুণ নেথুলার পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে, টেলর তাঁর কেরিয়ারে একটি নতুন অধ্যায় শুরু করবেন এবং ছোট কিন্তু উচ্চাকাঙ্ক্ষী সামোয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নিউজিল্যান্ডের হয়ে টেলর ১১২টি টেস্টে ৪৪.১৬ গড়ে ৭৬৮৪ রান করেছেন। এর মধ্যে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি ২৩৬টি ওয়ানডেতে তিনি ৪৭.৫২ গড়ে ৮৬০২ রান করেছেন। এর মধ্যে ২১টি সেঞ্চুরি এবং ৫১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এছাড়াও, ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ১২২.৩৮ স্ট্রাইক রেটে ১৯০৯ রান করেছেন। এর মধ্যে সাতটি হাফ-সেঞ্চুরি রয়েছে।